ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনা বলেছেন, তাকে বিদেশে যেতে না দিয়ে সরকার ভুল করেছে। এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার রাত সাড়ে নয়টায় তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেতে পারেননি। নির্ধারিত ফ্লাইটটি তাকে ছাড়াই ঢাকা ছেড়ে যায়।
শুক্রবার রাত ৮টা ৫৩ মিনিটে শেখ হাসিনা টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে বলেন, "আমার বিমানবন্দরে যাওয়ার জন্য যে প্রটেকশন আসার কথা ছিল তা আসেনি। ১২ প্লাটুন পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রাখা হয়েছে। ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয়েছে যেন আমাকে যেতে না দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "আমি শুনেছি বিমানবন্দরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাকে যেতে না দিয়ে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে।"
আওয়ামী লীগ সভানেত্রী দুঃখ করে বলেন, "মানবিক কারণে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি। মানবিক কারণে আমেরিকা যেতে চেয়েছি, তাও যেতে দেওয়া হচ্ছে না।"
তিনি বলেন, "আমি এখনও রেডি হয়ে বসে আছি। এখনও যেতে দিলে আমি যেতে পারব।"
রাত ১০টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শেখ হাসিনার বাসা সুধা সদনের সামনে রাস্তায় সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনাকে বিদেশ যেতে বাধা দিয়ে সরকার আরেকটি অমানবিক কাজ করেছে। হাসিনা তার সন্তানসম্ভবা মেয়ের কাছে যেতে চেয়েছিলেন কিন্তু সরকার তাকে যেতে দেয়নি।"
তিনি বলেন, "সন্তানের কাছে মায়ের যাওয়া একটি মানবিক ব্যাপার। তাকে চট্টগ্রাম যেতে না দিয়ে সরকার একটি অমানবিক কাজ করেছে। এবার আবার আরেকটি অমানবিক কাজ করল।"
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা এ ঘটনায় "কষ্ট পেয়েছেন"। আওয়ামী লীগ সভানেত্রী বিদেশ যাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন জানিয়ে তিনি বলেন, "সরকারের বোধোদয় হলে" তিনি তার মেয়ের কাছে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে মতিয়া বলেন, "আমরা সরকারের সঙ্গে কোন সমঝোতা করছি না। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে।"
রাত সোয়া ৯টায় শেখ হাসিনার সুধা সদন থেকে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খান ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথা আমাদের জানিয়ে দিয়েছে অভিবাসন বিভাগ। এ পরিস্থিতিতে ওনার আর যাওয়া হবে বলে মনে হয় না।"
শেখ হাসিনা শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, "আমি এখনও জানি না যেতে পারব কি না। পত্রিকায় দেখলাম আমার বিরুদ্ধে আরও দুইটি মামলা দেওয়া হয়েছে। এখনও সরকারের কাছ থেকে কোন কাগজপত্র পাইনি। শুনেছি দুইটি মামলার তদন্তের জন্য নাকি আমাকে যেতে দিবে না। একটি জিনিস আমি বুঝি না, আমি যখন বিদেশে ছিলাম তখন বলা হলো আমার বিরুদ্ধে মামলা রয়েছে। আমাকে আসতে দেওয়া হবে না। আমি দেশে ফিরলে নাকি তদন্তের অসুবিধা হবে। আর এখন শুনছি আমি বিদেশে গেলে নাকি তদন্তের অসুবিধা হবে। আমার কাছে বিষয়টি বোধগম্য নয়।"
নতুন করে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা তার বিদেশযাত্রা ঠেকাতে সরকারি তৎপরতার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি বিদেশ গেলে তদন্তের কী অসুবিধা হবে তা তার কাছে বোধগম্য নয়।
তিনি বলেন, তার বিদেশ যাওয়ার ওপর খবরে প্রকাশিত সরকারি নিষেধাজ্ঞার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো কাগজ তিনি পাননি।
বুধবার দুই ব্যবসায়ীর দায়ের করা মামলাকে বানোয়াট আখ্যায়িত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ না পেয়ে এ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এর একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা তার। সন্তান সম্ভবা কন্যা সায়মা ওয়াজেদের দেখভাল করতে তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন,"আমি যেন নির্বাচন করতে না পারি সেরকম একটি চেষ্টা করা হচ্ছে। জনগণকে আমাদের সেবা করার অধিকার রয়েছে। জনগনেরও আমাদের সেবা পাওয়ার অধিকার রয়েছে। সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার জন্য এসব মামলা দুরভিসন্ধি ছাড়া আর কিছুই না।"
শেখ হাসিনা বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে রাজনীতি শুদ্ধ করা যাবে না।
শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে সুধাসদনে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাক্ষাত শেষে সাংবাদিকরা তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি অপেক্ষা করতে বলেন। পরে তিনি সুধাসদনের নিচতলার ড্রইং রুমে এসে দীর্ঘক্ষণ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আমেরিকায় যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,"আমি এখনও জানিনা যেতে পারবো কিনা। পত্রিকায় দেখলাম আমার বিরুদ্ধে আরও দুইটি মামলা দেওয়া হয়েছে। এখনও সরকারের কাছ থেকে কোন কাগজপত্র পাইনি। শুনেছি দুইটি মামলার তদন্তের জন্য নাকি আমাকে যেতে দিবে না। একটি জিনিস আমি বুঝি না আমি যখন বিদেশে ছিলাম তখন বলা হলো আমার বিরুদ্ধে মামলা রয়েছে। আমাকে আসতে দেওয়া হবে না। আমি দেশে ফিরলে নাকি তদন্তের অসুবিধা হবে। আর এখন শুনছি আমি বিদেশে গেলে নাকি তদন্তের অসুবিধা হবে। আমার কাছে বিষয়টি বোধগম্য নয়।"
তিনি বলেন, "আমি হলফ করে বলতে পারি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে কারোও কাছ থেকে কিছু চাইনি। আমাকে কিছু চাইতে হয়নি। দল চালাতে গেলে চাঁদার প্রয়োজন আছে। যারা আওয়ামী লীগ করেন চাঁদা দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। তারা দল পরিচালনার জন্য টাকা দিয়ে থাকেন।
"এমন নয় যে পার্টি চালাতে গেলে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়। সরকারের দেওয়া টাকার ওপর ভিত্তি করে দল চলবে এমন কোনও আইনও নেই। তাই কেউ যদি পার্টিকে সাহায্য সহযোগিতা করে সেটা চাঁদাবাজি হয় না।"
শেখ হাসিনা বলেন, "চাঁদা দেওয়া ও চাঁদাবাজির মধ্যে তফাত রয়েছে। সরকার এ বিষয়টি গুলিয়ে ফেলেছে।
"আমি কি জিজ্ঞেস করতে পারবো প্রথম আলো বন্ধু সভা করে চাঁদা তুলে মানুষকে সাহায্য করছে সেটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে না। ওটাওতো চাঁদাবাজির পর্যায়ে পড়ে।"
শেখ হাসিনা জানান, তার বিরুদ্ধে মামলার বাদি নূর আলী বাতিল হওয়া নির্বাচনে যে আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন সে আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য অপর একজন ৫০ কোটি টাকা দিতে চেয়েছিল। তাহলে ৫০ কোটি টাকা ছেড়ে দিয়ে কেন পাঁচ কোটি টাকা নিবেন তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তার বিরুদ্ধে আরো ৩০টির মতো চাঁদাবাজির মামলা দায়ের করা হবে।
হাসিনা বলেন, প্রাণ, শরীফ মেলামাইন ও আকিজ বিড়ির মালিককে সরকারের পক্ষ থেকে খোঁজা হচ্ছে। আরো মামলা দায়েরের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।
তিনি বলেন, একজন চুরি করেছে বলে আরেকজনকে চোর বানাতে হবে। একজন চাঁদাবাজি করেছে বলে আরেকজনকে চাঁদাবাজ বানাতে হবে এটা কেমন কথা। অপরাধ না করলেও অপরাধী বানাবে এর থেকে অমানবিক কিছু হতে পারে না।
আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন , "কোনও আইনজীবী যেন আইনি সহায়তা না করেন এ জন্য আইনজীবীদের চাপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেক আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আইনী সহায়তা দিতে পারবে ন। আইনজীবীদের নিয়ে প্যানেল বানানো হচ্ছে। দুদকের আইনজীবী বানানো হচ্ছে যেন তারা কাউকে সহায়তা দিতে না পারে। এরকম ঘটনা পৃথিবীর কোন দেশে হয় না।"
সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছেন। সংস্কারকে জনগণের মাঝে জনপ্রিয় করে তুলেছেন। আর এখন তাকেই সংস্কারের কথা শোনানো হচ্ছে।
শেখ হাসিনা বলেন, "আমিই সবচেয়ে বড় সংস্কারবাদী।"
আওয়ামী লীগে নিয়মিত কাউন্সিল হয়। নিয়মিত দলের সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।--এদাবী করে শেখ হাসিনা বলেন, সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ সব সময়ই সংস্কার করেছে।
আগামীতে দলের ভিতরে কি ধরনের সংস্কার হবে তার ধারণা দিয়ে তিনি জানান, দলের সভাপতি, সভাপতি মণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা বিভিন্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন তারা আগামীতে সরকারের মন্ত্রী হতে পারবেন না। আর যদি ক্ষমতায় গেলে মন্ত্রী হতে চান তাহলে তাদের দলের সেই পদ ছেড়ে দিতে হবে।
একই প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার না করলে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু রাজনীদির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সংস্কার হবে কি করে। নিষেধাজ্ঞা তুলে না নিলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
শেখ হাসিনা বলেন, " কারোও জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকবে। কেউ নতুন দল করার জন্য নিষেধাজ্ঞা অবস্থায় চাইনিজ রেস্টুরেন্টে বৈঠক করবে। যারা রাজনীতির আঁস্তাকুড়ে চলে গিয়েছিল তাদের কুড়িয়ে কাচিয়ে এনে দল করা হচ্ছে। দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।"
তিনি বলেন, প্রতিটি দলই তাদের গঠনতন্ত্র,নীতিমালা ও আদর্শ অনুযায়ী চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদক জানতে চান দলের অনেকেই খোলামেলা ভাবে সংস্কারের পক্ষে প্রচারমাধ্যমে বক্তব্য রাখছেন। এ বিষয় তার প্রতিক্রিয়া কী? --এ প্রশ্নের উত্তরে হাসিনা বলেন, "সংস্কারের কথা আমিই আগে বলেছি। সংস্কারের জন্য বিভিন্ন সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সে কমিটি বিভিন্ন দেশের রাজনৈতিক গঠনতন্ত্র নীতিমালা নিয়ে এসে কাজ করছে। সংস্কার তো পৃথক বা একজনের কোন কাজ নয়। গঠনতন্ত্র অনুযায়ী সাব কমিটি হয়েছে। এ সাব কমিটি বসে একটি প্রস্তাব তৈরি করবে। এবং সে প্রস্তাব ওয়ার্কিং কমিটিতে আলাপ আলোচনা হবে। পরবর্তীতে দলের জাতীয় কাউন্সিলে তার অনুমোদন হবে।"
তিনি দাবি করেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা গঠনতন্ত্র অনুযাযী চলে। ২০০২ সালে কাউন্সিলে গঠন তন্ত্রের যে পরিবর্তন হয়েছিল তা কাউন্সিলরদের অনুমোদন নিয়েই হয়েছিল।
এ প্রতিবেদক হাসিনার কাছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত 'আওয়ামী লীগের ৩০ বা ততোধিক নেতা একটি সংস্কার প্রস্তাব তৈরি করছেন এবং তা দলীয় সভানেত্রীর কাছে পেশ করা হবে' সংক্রান্ত খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমরা জানি রাজনীতি বন্ধ। ঘরোয়া রাজনীতিও নেই। তাহলে এ বসাটা আইনসম্মত কিনা। তারা (আওয়ামী লীগ নেতারা) বসতে পারলে তাহলে আমি ওয়ার্কিং কমিটির মিটিং ডাকি। সেটা অনুমোদন করুক। না হলে এ মুহূর্তে রাজনীতি উন্মুক্ত করে দিক। তাহলে নেতাদের বিক্ষিপ্তভাবে বসতে হবে না। সবাইকে নিয়েই বসতে পারব।"
সাবেক বিরোধী দলীয় নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন " আমার ঘরের মধ্যেই তো ১৪৪ ধারা। বাইরে থেকে বলে দেয় ভিতরে চারজন রয়েছে আপানারা যেতে পারবেন না। আমার বাড়ির ভিতরে ১৪৪ ধারা। সেটা আমি দেখতে পাচ্ছি। এইতো অবস্থা।"
তিনি বলেন, "আমাকে কেনো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে? অন্তঃস্বত্তা, অসুস্থ মেয়েকে আমেরিকায় দেখতে যেতে বাধা দেওয়া হচ্ছে কেন? বিশ্বের সব মাকে আমি জানাতে চাই সন্তানকে দেখতে যেতে দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।"
হাসিনা বলেন, "ঠিক আছে দোষ করে থাকলে ১০০টি মামলা দিক; তদন্ত করুক; দোষী সাব্যস্ত হলে শাস্তি দিক। আমি জানি, আমি কোনো অন্যায় করিনি। আমি এটাও জানি, আমাকে মিথ্যা শাস্তি দিতে পারে।"
তিনি দাবি করেন, অন্তঃস্বত্তা অবস্থাতেও তার মেয়ে এক ঘণ্টা গাড়ি চালিয়ে অফিস করছে, শুধু 'দুটো' পয়সার জন্য। যদি চাঁদাবাজি করতেন, তাহলে তার মেয়েকে ও তার ছেলের বউকে কাজ করে খেতে হতো না।
এর আগে ভিয়েতনামের রাষ্ট্রদূত সকাল ১১টার দিকে সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন।
এদিকে শেখ হাসিনার বাসার সামনে মোতায়েন পুলিশের সংখ্যা পাঁচ প্লাটুন থেকে বাড়িয়ে নয় প্লাটুন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ পুলিশ কমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুধা সদনে সাধারণত পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন থাকে। শুক্রবার অতিরিক্ত আরো চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও অ্যাডভোকেট রহমত আলী সুধাসদনে প্রবেশ করেন। প্রথমে তাদের বাধা দেওয়া হলেও পরে ঢুকতে দেওয়া হয়। সাড়ে ৬টার দিকে সুধা সদনে প্রবেশ করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান। এর পর আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সাবেক সাংসদ ড. মিজানুল হকসহ মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রীকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকেও পুলিশ ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে দেখা যায়।
এদিক জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল আওয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার বিমানবন্দরের পরিচালককে একটি চিঠি দেওয়া হয়েছে।
সন্তানসম্ভবা মেয়েকে দেখার জন্য শেখ হাসিনার শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে আমিরাত এয়ালাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা।
শেখ হাসিনার বিরুদ্ধে আগের দিন দায়ের হওয়া দুটি চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তারা তার বিদেশ যাত্রা ঠেকাতে বৃহস্পতিবার আদালতে আবেদন জানান। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার তদন্তের প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয়।
বুধবার দায়ের হওয়া মামলা দুটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ওবায়দুল হক এবং তেজগাঁও থানার ওসি জানে আলম দুপরে আদালতে বলেন, আসামি শিগগিরই বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাবেন বলে জানা যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এ পর্যায়ে তিনি বিদেশে চলে গেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। বিদেশ গিয়ে তার পলাতক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় তাকে দেশ ত্যাগ না করার জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এসইউএম/এএনএস/এমআরএফ/জিএনএ/এমএইচবি/০১৪০ ঘ.
bdnews24