ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এজন্য বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক দুর্যোগ কবলিত চট্টগ্রামে পূর্বনির্ধারিত সফরে তিনি যেতে পারেননি বলেও দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনের বাইরে সাংবদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি দলের সভানেত্রীর একটি বিবৃতিও এ সময় পড়ে শোনান।
অবশ্য বিষয়টি নাকচ করে দিয়ে গুরুতর অপরাধ দমন টাস্কফোর্সের চেয়ারম্যান যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন চট্টগ্রামে সাংবাদিকদের বলেছেন, "তাকে (হাসিনা) আসতে না দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যে কারও যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে।"
বৃহস্পতিবার সকাল থেকেই শেখ হাসিনার বাসভবন সুধা সদনের আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সুধা সদনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, নৈতিক ও মানবিক কারণেই হতাহতের পাশে দাঁড়ানোর জন্য তিনি চট্টগ্রাম যেতে চেয়েছিলেন। এখানে কোনো রাজনীতি ছিল না। লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান।
শেখ হাসিনা অভিযোগ করেন, "বর্তমান সরকার সহযোগিতার হাত প্রত্যাখানের দৃষ্টান্ত স্থাপন করেছে। চট্টগ্রামের নির্বাচিত মেয়রসহ আওয়ামী লীগ নেতারা এখন কারাগারে, এ অবস্থায় আমি গেলে সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সাহায্যই হতো।"
চট্টগ্রামে যাওয়ায় বাধা দেওয়ার ঘটনাকে 'অমানবিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও ব্যক্তি স্বাধীনতাবিরোধী' বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
বিবৃতি পড়ার সময় সাজেদা চৌধুরী বলেন, "পুলিশ স্পষ্ট করে বলেছে ওপর মহলের নির্দেশ আছে শেখ হাসিনা যেন চট্টগ্রাম যেতে না পারেন। তবে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।"
শুক্রবার তার যুক্তরাষ্ট্র রওয়ানা হওয়ার কথা আছে।
বিবৃতিতে শেখ হানিসা বুধবার তার বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় দায়ের হওয়া দুটি চাঁদাবাজির মামলাকে 'ষড়যন্ত্রমূলক' বলে দাবি করেন।
বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে মোট ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকার চাঁদা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা হয়েছে। প্রথম মামলাটি করেন তাজুল ইসলাম ফারুক নামে হবিগঞ্জের এক ব্যবসায়ী।
তেজগাঁও থানায় দায়ের করা মামলার বাদী ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। গুলশান থানায় অপর মামলাটি করেন ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
বৃহস্পতিবার সকাল থেকেই সুধা সদনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ফারুক খান, সুবিদ আলী ভূঁইয়া ও দলের নেত্রী নাজমা রহমানকে দেখা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসএনডি/জিএনএ/১৪৫২ ঘ.
bdnews24