ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও দুটো মামলা হয়েছে। বুধবার তেজগাঁও ও গুলশান থানায় দায়ের করা এই দুটি মামলায় তার বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে মোট ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকার চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম ও গুলশান থানার উপপরিদর্শক মো. রওশন আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হওয়ার খবর নিশ্চিত করেন।
এ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা দায়ের হল। (আরো তথ্যসহ)
তেজগাঁও থানায় মামলাটি করেছেন ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। এতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়েছে।
তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এ মামলার তদন্ত কর্মকর্তা জানে আলম বলেন, ''মামলার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।''
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে শেখ হাসিনা বাদির প্রতিষ্ঠান ফরচুন লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন।
মামলার অভিযোগে বাদি নূর আলী বলেন, তিনি নিজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্ট্যান্ডার্ড চাটার্ড ও আইএফআইসি ব্যাংকের ১২টি চেকে ৫ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছেন। চেক দেওয়ার সময় ফরচুন লিমিটেডের চেয়ারম্যান ড. মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রউফ ও হিসাবরক্ষক খালেদও তার সঙ্গে ছিলেন।
নূর আলী আরও অভিযোগ করেছেন, হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে সহায়তা করার জন্য তার কাছে এক কোটি টাকা চাঁদা অথবা ওই দামের ফ্ল্যাট দাবি করেন। তিনি পরে বারিধারায় বোরাক রিয়েল এস্টেটে দুটি ফ্ল্যাট হেলালউদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীকে বুঝিয়ে দেন। ফ্ল্যাটদুটো রূপা চৌধুরী ভাড়া দিয়ে রেখেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বুধবার দুপুরে নিজে গুলশান থানায় গিয়ে মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদির কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুলশান থানার উপপরিদর্শক মো. রওশন আলী জানান, বুধবার দুপুর সোয়া ২টায় মামলাটি দায়ের করা হয়। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক রাত ৯টায় বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকমকে জানান, মামলার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি নিজেই মামলাটির তদন্ত চালিয়ে যাবেন।
মামলার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপরে কোনো কথা বলতে রাজি হননি।
এর আগে গত ৯ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানা তিন কোটি টাকার একটি মামলা দায়ের হয়। তাজুল ইসলাম ফারুক নামে হবিগঞ্জের এক ব্যবসায়ী মামলাটি করেন। শেখ হাসিনা তখন যুক্তরাষ্ট্রে ছিলেন।
বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এএনএস/এসএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/১৯৫৮ ঘ.
bdnews24