বাগেরহাট, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে এবার মামলা করেছেন একই দলের জেলা সহ সভাপতি দিদার উল আলম।
চাঁদাবাজির অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে সদর থানায় এ মামলা করা হয়। মামলায় সাবেক সাংসদ ছাড়াও বাগেরহাট চেম্বার অফ কমার্সের সভাপতিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। মামলার পরপরই পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ সভাপতি আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, এম এ এইচ সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমান ও বিএনপি নেতা ঠিকাদার রাকিবুল হাসান।
অপর আসামীরা হচ্ছেন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খাদেম নিয়ামুল নাসির, জেলা যুবদল সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কমিশনার মাহাবুবুর রহমান টুটুল এবং ঠিকাদার শেখ শমসের আলী মোহন।
মামলায় বাদীর কাছ থেকে এলজিইডির একটি ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ২০০৫ সালে বাদীর কাছ থেকে ২৪ লাখ ৮০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ করা হয়।
মামলার প্রধান আসামী এম এ এইচ সেলিম এবং অন্যতম আসামী ফকির তারিকুল ইসলাম যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24