চাঁদপুর, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে এবার ধর্ষণ, অপহরণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল--১ এর বিচারক শহীদুল করিম আগামী ৪ জুলাই এ মামলার শুনানির দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া এলাকার দিলীপ চন্দ্র দে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
এতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে প্রধান আসামি করে মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকার অপরাধে ২০০১ সালের ৩ অক্টোবর মিলনের নির্দেশে আসামিরা কচুয়া জেলার কড়ইয়া এলাকায় বাদীর মা রাখী রানী শীলকে তুলে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়টি তখন বাদী কচুয়া পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারদের জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ২৯ অক্টোবর আবারও রাখী রাণীকে তারা ধর্ষণ করে এবং ২ নভেম্বর কচুয়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে ফেলে রাখে।
কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সকাল সাড়ে ৭টায় রাখী রানী মারা যান। রাখী রানীর স্বামীর নাম ব্রজ গোপাল দে।
মামলার অন্য আসামিরা হচ্ছে হুমায়ুন কবির, মামুন, রহমত আলী, সেলিম, আ. সালাম, জাহাঙ্গীর আলম, ইমাম আলী, শহরবান, ফারুক, জসিম, বাবুল, মোস্তফা শরীফ টিটু, আলমগীর হোসেন স্বপন ওবায়েদুল্যা, এলাহী সুভাষ, জাহাঙ্গীর আলম, ইসমাইর, জাহাঙ্গীর, নুরুল ইসলাম, কাওসার, আইয়ুব আলী, জাফর নিয়াজী, দেলু, আলম, মিজানুর রহমান, হালিম, নাহিদ চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৭৪৪ ঘ.
bdnews24