ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জুলাইয়ে আগামী নির্বাচনের 'রোড ম্যাপ' ঘোষণা করা হবে। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জুন মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্পের কাজ শেষ হলে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্পর্কে রোড ম্যাপ জানাতে পারবো।"
এর আগে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) ট্রয়কা প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে সিইসি জানান, ১৮ মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়টি এখন কোন পর্যায়ে আছে তা জানতে চেয়েছে ট্রয়কা প্রতিনিধিরা। ভোটার তালিকার প্রকল্প তৈরি করা হচ্ছে এবং জুন মাসে তা শেষ হবে বলে তাদের জানানো হয়েছে।
তিনি বলেন, জুলাই মাসে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হবে। ট্রয়কা প্রতিনিধিরা সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
রাজনৈতিক দলের সংস্কার প্রশ্নে তিনি বলেন, "সংবিধানের মধ্যে থেকে যতোটুকু সংস্কার করা যায়, আমরা তা করবো। মাঠের রাজনীতিতে আমরা হাত দিচ্ছি না।"
নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা প্রসঙ্গে সিইসি বলেন, "এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি হয়ে গেছে। আজই (বৃহস্পতিবার) হয়তো তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।"
তিনি জানান, ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার জন্য সরকারের কাছে ৩৫০ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে।
এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রয়কার ছয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান আঁন্দ্রেস মিখাইলিচ সাংবাদিকদের জানান, তারা কমিশনের সঙ্গে আগামী নির্বাচনের সম্ভাবনা, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার ও রাজনৈতিক দলের সংস্কার নিয়ে আলোচনা করেছেন। তাদের পক্ষ থেকে কমিশনকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া তারা নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, "নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। এই ঘোষণা আন্তর্জাতিক মহলকে সন্তুষ্ট করবে।"
ঘরোয়া রাজনীতির প্রশ্নে ট্রয়কা দল প্রধান বলেন, "রাজনৈতিক দলের নিজেদের আলোচনার জন্য অর্থবহ আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হলে আইন -- শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসডি/১৫২৮ ঘ.
bdnews24