বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় বাগেরহাট--২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল হাকিম সেলিমের বিরুদ্ধে এবার ঐতিহাসিক খান জাহান (র:) এর মাজারের খাদেমদের ওপর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
মাজারটির অন্যতম প্রধান খাদেম বাবর আলী ফকিরের ছেলে শের আলী ফকির মঙ্গলবার রাতে সাবেক সাংসদ সেলিমসহ নয়জনের নামে বাগেরহাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম এবং তার সহোদর ছহিম ফকিরকেও আসামী করা হয়েছে।
এই নিয়ে গত এক সপ্তাহে বাগেরহাট থানায় সাবেক সাংসদে বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হলো। দুর্নীতি দমন কমিশনের তালিকাভুক্ত সাংসদ সেলিম এখন ঢাকায় এবং ফকির তারিকুল ইসলাম বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।
শের আলী ফকির তার মামলার এজাহারে বলেন, সেলিমের শ্যালক ফকির তারিকুল ইসলাম শের আলীসহ মাজারের বেশ কয়েকজন তার কাছে ২০০৫ সালে চাঁদা দাবি করেন। ওই বছর ১ মার্চ ফকির তারিকুল ইসলাম শের আলী ফকিরের কাছ থেকে ৫০ হাজার, সুমন ফকিরের কাছ থেকে ১ লাখ এবং মিজান ফকিরের কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা আদায় করে। শের আলী ফকিরকে এক মাসের মধ্যে আরও ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে শের আলী ফকির টাকা দিতে অস্বীকার করলে একই বছর ৩ এপ্রিল ফকির তারিকুল ইসলাম, তার ভাই ছহিমসহ অন্যান্যরা মাজারের প্রবেশ পথসংলগ্ন শের আলীর পৈতৃক জায়গায় স্থাপিত খাবার হোটেল ও ভাড়া দেওয়া পাকা ঘর ভাংচুর করে দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় তারা শের আলীকেও মারধর করে।
বাদী আরও বলেন, তৎকালীন সাংসদ সেলিমের প্রভাবে তার শ্যালকের বিরুদ্ধেতিনি তখন আইনানুগ ব্যবস্থা নিতে পারেননি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্:ো সিরাজুল ইসলাম চৌধুরী জানান, অভিযোগটি মঙ্গলবার রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৩০২ ঘ.
bdnews24