ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছে বিএনপি।
জামায়াতে ইসলামীও এক বিবৃতিতে ওই মামলা দায়েরের নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির যুগ্মমহাসচিব সেলিমা রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম--কে দেয়া প্রতিক্রিয়ায় মামলা দায়েরের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাটি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "দীর্ঘদিন পর এ ধরনের মামলা দায়েরের ঘটনা উদ্দেশ্যমূলক। এতোদিন পর হঠাৎ করে কেনো একজন মামলা দায়ের করেছে তা বুঝতে হবে।"
বিএনপি--জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেন, গ্রেনেড হামলার ঘটনা পরপরই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২১ আগস্টের হামলার বিষয়ে তদন্ত হয়েছে। আওয়ামী লীগ ওই সময়ে প্রশাসনকে তদন্ত কাজে সহযোগিতা করেনি।
সেলিমা রহমান বলেন, তিনি তিন বছর পর এ রকম মিথ্যা ও সাজানো মামলা দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এক বিবৃতিতে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াত নেতাদের জড়িয়ে মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি এ মামলাকে প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম স্বাক্ষরিত বিবৃতিতে মুজাহিদ আরও বলেন, বর্তমান সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে, ঠিক সেই মূহুর্তে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য দীর্ঘ তিন বছর পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24