সিলেট কারাগারে মেয়র কামরান
ম্যাজিস্ট্রেট আহসান হাবিব মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছেন। বেলা ২টা ৪০ মিনিটে পুলিশ ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সোমবার মাঝরাতে তাকে আটকের পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুন নূর বিডিনিউজ২৪.কমকে বলেন, মেয়রকে বেলা ২টা ১৮ মিনিটে আদালতে পাঠানো হয়।
আদালত প্রাঙ্গণে মেয়রের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, “আমরা মেয়রের চিকিৎসা ও ডিভিশন দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।”
এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবুল হাশেম মেয়র কামরানের কারাগারে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।
সোমবার রাত ১২টার দিকে মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে নগরীর গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। সিলেটের আলোচিত কিচেন মার্কেট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৮ মে তিনি জামিনে মুক্তি পান।
গুলশান রেস্টুরেন্টের ম্যানেজার সিবুল চন্দ্র দাশ রাত সাড়ে ১২টায় বিডিনিউজ২৪.কমকে কে বলেন, “রাত ১২ টার দিকে তিনটি গাড়িতে যৌথবাহিনীর সদস্যরা এসে হোটেলের প্রবেশপথ থেকে মেয়রকে ধরে নিয়ে যায়।”
পরে রাত দেড়টার দিকে কামরানের বাসায় যৌথবাহিনী তল্লাশি চালিয়ে নগদ এক লাখ টাকা, ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্র জানায়।
গত ৬ এপ্রিল কামরানকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে ৮ মে তিনি জামিনে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পান।
