২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ চৌধুরীর বাড়িতে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর দুটি বাড়িতে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে যৌথবাহিনী দুটি বন্দুক, ৯৯ রাউন্ড গুলি, ৯৩৩ পিস শাড়ি ও ১৬০ পিস লুঙ্গি উদ্ধার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 12:18 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

আলতাফ হোসেন চৌধুরীকে মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা গুলশান ২ নম্বরের ৬৭ নম্বর সড়কের ৬/১ নম্বর বাসা থেকে আটক করে।

পটুয়াখালীতে সাবেক বাণিজ্য মন্ত্রীর দুটি বাড়িতে রাত ১টায় অভিযান শুরু হয়ে সকাল আটটায় শেষ হয়। উদ্ধার করা শাড়ি ও লুঙ্গিগুলো ত্রাণের কিনা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর ওসমান বিডিনিউজ২৪.কমকে জানান, রাত ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা পটুয়াখালী সদরের শেরেবাংলা রোডের সুরাইয়া ভবনে তল্লাশি চালায়। একই সময় যৌথবাহিনীর অপর একটি দল অভিযান চালায় তার গ্রামের বাড়ি মীর্জাগঞ্জ উপজেলার কাঠালতলী গ্রামে।

অভিযানে শেরেবাংলা রোডের সুরাইয়া ভবন থেকে একটি শটগান, ৪৬ রাউন্ড গুলি, ৪২০ পিস শাড়ি ও ১৬০ পিস লুঙ্গি উদ্ধার করা হয়।

এ ছাড়া মীর্জাগঞ্জের কাঠালতলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি দোনলা বন্দুক, ৫৩ রাউন্ড গুলি ও ৫১৩ পিস শাড়ি।

আলতাফ হোসেন চৌধুরীর সুরাইয়া ভবনের তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন বিডিনিউজ২৪.কমকে বলেছেন, উদ্ধার করা অস্ত্রগুলো বৈধ, এগুলোর কাগজপত্র রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেনও অস্ত্রগুলোর বৈধ বলে স্বীকার করেন। সর্বশেষ মেয়াদ পর্যন্ত এগুলো নবায়নও করা হয়েছে।

শাড়ি ও লুঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, শাড়ি বা লুঙ্গিতে সরকারি কোনা সিল নেই। তাই এগুলো ত্রাণের না যাকাতের সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।