২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেসহ হান্নান শাহকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আসম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানকে চাঁদাবাজি ও জলমহাল দখলের দুটি মামলায় কেন জামিন দেওয়া হবে না সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আসম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানকে চাঁদাবাজি ও জলমহাল দখলের দুটি মামলায় কেন জামিন দেওয়া হবে না সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট। এছাড়া ওই দুজনের বিরুদ্ধে একটি এবং রেজাউল হান্নানের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে তাও জানাতে হবে। হান্নান শাহ ও তার ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামীপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ১৯ মে হান্নান শাহ ও রেজাউল হান্নানের বিরুদ্ধে স্থানীয় বাস মালিক নোমান ১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ভাওয়াল পরিবহণ কোম্পানিতে নোমানের বাস অন্তর্ভুক্ত করার জন্য হান্নান শাহের উপস্থিতিতে তার ছেলে ওই টাকা চাঁদা হিসেবে নিয়েছেন। গত ২০ মে হরিপদ বর্মন নামের এক জেলে একই থানায় জলমহাল দখলের অভিযোগে হান্নান শাহ ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেন। এই দুটি মামলায় তাদের দুজনকে কেন জামিন দেওয়া হবে না দুই সপ্তাহের মধ্যে সরকারকে তা জানতে বলেছে হাইকোর্ট। এছাড়া গত ১৭ মে কাপাসিয়া থানায় হান্নান শাহ ও তার ছেলের বিরুদ্ধে দায়ের করা এক লাখ টাকা চাঁদাবাজির মামলা এবং ১২ মে রেজাউল হান্নানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে তাও জানাতে হবে। হান্নান শাহকে ছেলেসহ তার মহাখালির বাসা থেকে গত ১৪ মে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৬০২ ঘ.