২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুক ৫ দিনের রিমান্ডে

চাঁদাবাজি মামলায় নোয়াখালী--১ আসনের বিএনপির সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

নোয়াখালী, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চাঁদাবাজি মামলায় নোয়াখালী--১ আসনের বিএনপির সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। নোয়াখালীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গোলামুর রহমান শুনানি শেষে সোমবার বেলা ১১টার দিকে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পরিদর্শক নাজিম উদ্দিন জানান, ৬ এপ্রিল সেনবাগের বীজবাগ ইউনিয়নের ফারুক চৌধুরীর দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য সেনবাগ থানা পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম তালুকদার জানান, ১৫ মিনিট শুনানি শেষে সাবেক সাংসদকে জেলা সদরের সুধারাম থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে সেনবাগ থানায় নিয়ে যাওয়ার কথা। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফারুক চৌধুরী গত ৬ এপ্রিল জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ২ জানুয়ারি জয়নুল আবেদীন ফারুক আরও ১৩ জন সহযোগীকে নিয়ে বাদীর বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা না পেয়ে ঘরের আলমারি ভেঙে নগদ ২৫ লাখ টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যাওয়ার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকার লোটাস কামাল টাওয়ার থেকে পুলিশ জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করে। ওই রাতেই তাকে নোয়াখালী নিয়ে এসে জেলা সদরের সুধারাম থানা হেফাজতে রাখা হয়। সাবেক এ সাংসদের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ, চাঁদাবাজি, সড়ক অবরোধ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। এ ছাড়া জয়নুল আবদীন ফারুকের বিরুদ্ধে সেনবাগে সন্ত্রাসীদের লালন, হুমকি প্রদান ও মারধরেরও অভিযোগ আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসডি/কেএম/১৪০৭ ঘ.