সরকারের কাণ্ড সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে: হাসিনা
শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জলিলসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের সবাইকে মুক্তি দেওয়ার দাবি করেছেন।
সোমবার বিকেলে আব্দুল জলিলকে গ্রেপ্তারের পর রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় হাসিনা বলেন, “সরকারের এই অভিযান দুর্নীতির বিরুদ্ধে নয়, দেখে মনে হয় যেন রাজীনীতির বিরুদ্ধে অভিযান। ”
সরকারের সমালোচনা করে তিনি বলেন “ দেশের মানুষ আর কতদিন এ অবস্থা সহ্য করবে ? এ সরকারের কর্মকান্ড দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মানুষ নির্বাচন চায়, গণতন্ত্র চায়, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চায় না। ”
“সাড়ে চার মাসে সংস্কার কতটুকু হয়েছে তা জনগণকে বলতে হবে।”-এ কথা বলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ আমি জানি এসব কথা বলার জন্য কালকে আমাকেও ধরা হতে পারে। মারতে পারে। পূর্ব ধারণার বশবর্তী হয়ে কাজ করলে ন্যায়পরায়ণতা হবে না। ”
তিনি অভিযোগ করেন, যারা বিএনপির পাঁচ বছরে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তাদের তো ধরা হচ্ছে না। “মেলা টাকা কামালে মনে হয় সবকিছুই ম্যানেজ করা যায়।”
দলের নেতাকর্মীদের বাড়ি তল্লাশি ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে হাসিনা বলেন, “বাড়ি বাড়ি গিয়ে এভাবে নেতাকর্মীদের তল্লাশি তো মেনে নেওয়া যায় না।”
ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, “ কীভাবে ভোটার তালিকা করা হবে এটাই নাকি এখনো ঠিক হয়নি। আমরা আজিজ-ইয়াজের বিরুদ্ধে আন্দোলন করলাম। এখন কি করতে হবে তা বুঝছি না। গণতন্ত্র ছাড়া জনগণের কল্যাণ হবে না।”
ভোটার তালিকার প্রসঙ্গে তিনি আরো বলেন, “ভোটার তালিকা কিভাবে করা হবে তার কাঠামোই যদি ঠিক না হয়, তাহলে তো হবে না। আগে ভোটার তালিকা হালগানাদ করতে হবে। এর বিলম্ব হলে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারকে তার জবাব দিতে হবে। কেউ ভোটার তালিকা করায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকেও জবাবদিহি করতে হবে।”
তিনি তিন শতাধিক নির্বাচন কর্মকর্তা নিয়োগ ও তাদের দ্বিতীয় দফায় মূল্যায়নের প্রসঙ্গে বলেন, “ গত সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে। পরীক্ষা নিয়ে দেখা গেছে মোটে ৫০ জন পাস করেছে। এখন শোনা যাচ্ছে মানবিক কারণে নীতিমালা পরিব্র্তন করা হচ্ছে। তাহলে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যাবে ? আর চাকরি হারালে মানবিকতার কথা বলে বিবেচনা করা হবে। এটা কী রকম দুর্নীতির বিরুদ্ধে অভিযান? ”
শেখ হাসিনা দাবি করেন “এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আর এখন আমাদের ওপরই খড়গহস্ত। তাহলে দেশ এখন কোথায় যাচ্ছে। এদের অধীনে নির্বাচন কিভাবে অবাধ হবে ?”
হাসিনা বলেন, “ জলিল সাহেব অসুস্থ মানুষ। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। জলিল সাহেব যখনই বলল আওয়ামী লীগ এ সরকারকে সব রকম সহায়তা দিতে প্রস্তুত তখনই তাকে গ্রেপ্তার করা হলো।”
তিনি বলেন, “ জলিল সাহেবের আসল অপরাধ রাজনৈতিক দলগুলোর তহবিল গঠনে কিভাবে স্বচ্ছতা আনা যায় সেটা জানতে চেয়ে তিনি বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছেন। ”
সিলেটের আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেত্রী বলেন, “ আজকে (সোমবার) চাংপাই-তে মিটিং হলো, নতুন দল গঠণের ঘোষণা দেওয়া হলো, আওয়ামী লীগ থেকে কতজন যাবে আর বিএনপি থেকে কতজন যাবে সেটাও বলা হলো। এতে কি জরুরি অবস্থা অমান্য করা হয় না? ”
হাসিনা বলেন,“ ক্ষমতার উচ্ছ্বিষ্ট বিলিয়ে জিয়া ও এরশাদ দল করেছিল। একজনকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে। আরেকজনকে জেল খাটতে হয়েছে। ভবিষ্যতে যদি ওই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল করা হয় তাহলে তাদের ভোট চুরি করে ক্ষমতায় আসতে হবে। ওই নির্বাচন আর ওই দল জনগণ মেনে নেবে না।”
বহু দুর্নীতিবাজ এখনো বাইরে আছে দাবি করে তিনি বলেন, এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে।
তিনি মন্তব্য করেন, “এ সরকারের ভেতরে আরেক সরকার আছে।”
দ্রব্যমূল নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
