মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে আরও একটি মামলা
হামলা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
জরুরি অবস্থা জারির পর এটা তার বিরুদ্ধে দায়ের করা ১৬তম মামলা।
দেবিদ্বারের যুবলীগ নেতা খোরশেদ আলম সোমবার কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান ও তার ছেলে রেজাউল আহসান মুন্সীসহ বিএনপির ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ২৯ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম হুমায়ুন মাহমুদ তার বাসায় মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন। মাহফিল চলার সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশে তার ছেলেসহ অভিযুক্তরা ওই বাসায় হামলা চালিয়ে মাহফিল পণ্ড করে দেয়। এসময় তারা দুই লাখ টাকা চাঁদাও দাবি করে।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে গত ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কুমিল্লা কারাগারে রাখা হয়েছে।
