২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে আ’লীগ: জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দল। সংস্কার হলে জনগণই উপকৃত হবে। আর এ জন্য আওয়ামী লীগও চায় সংস্কার বাস্তবায়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 03:05 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

রোববার মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সংস্কার প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় না। সংস্কার বাস্তবায়নে সরকারকে যতটুকু সাহায্য করা দরকার আওয়ামী লীগ তা করতে প্রস্তুত রয়েছে।

তিন বাহিনীর প্রধান পদোন্নতি পাওয়া তাদের অভিনন্দন জানান আব্দুল জলিল। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনতে অতীতের মতো সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে জনগণের পাশে থাকবে বলে আশা করছি।

ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দেশে আবার অস্থিতিশীলতা দেখা দিতে পারে-এক উপদেষ্টার এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে আব্দুল জলিল বলেন, “আমি স্পষ্টভাবে বলতে পারি আওয়ামী লীগ সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে।”

তিনি জানান, বিভিন্ন দেশে সরকারি তহবিল থেকে অর্থ দিয়ে কীভাবে রাজনৈতিক দলগুলোকে সাহায্য করা হয় তা জানতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশের দূতাবাসে রোববার চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।