২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টিতে একনায়কত্বের বিলোপ চান ফিরোজ রশীদ

জাতীয় পার্টিতে ‘একনায়কত্ব’ চলছে। দলের চেয়ারম্যান বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যাকে--তাকে পদে বসাচ্ছেন। এ ধারা চলতে দেওয়া যায় না। এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 05:46 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

নিজ দলে সভাপতিমণ্ডলীর সদস্য কতজন, তাও জানেন না কাজী ফিরোজ রশীদ। বললেন, “চেয়ারম্যান স্যার কতজনকে পর্দার অন্তরালে নিয়োগ দিয়েছেন তা তো জানি না।”

তবে দলে একনায়কত্বের সমালোচনা করলেও চেয়ারম্যান এরশাদকে ‘স্বৈরাচার’ বলতে নারাজ জাতীয় পার্টির এ নেতা। তার বক্তব্য, “এরশাদ স্বৈরাচার--এটা ঠিক নয়। তার ভেতরে ধৈর্য, সহনশীলতা অনেক প্রবল। অপরের প্রতি তার শ্রদ্ধাবোধ রয়েছে, যা গণতন্ত্রী দাবিদার অনেক রাজনীতিবিদের মধ্যেও নেই।”

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজ দলসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন কাজী ফিরোজ রশীদ।

দলে এইচ এম এরশাদের বিপুল ক্ষমতা ও তার অপপ্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, “বিশাল ক্ষমতার অধিকারী হয়ে দলকে প্রাইভেট কোম্পানি হিসেবে ব্যবহার করবেন, যাকে-তাকে পার্টিতে আনবেন, প্রবীণ সদস্যদের বের করে দেবেন-এটা আর চলতে দেওয়া যায় না। পার্টিকে গণতন্ত্রী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার বিলুপ্তি ঘটাতে হবে।’’

তার মত, দলীয় চেয়ারম্যানের একক ক্ষমতার পরিবর্তন এনে যৌথক্ষমতার ব্যবস্থা নিতে হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

এক সময়ের ছাত্রনেতা কাজী ফিরোজ নিজ দলের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বলেন, ‘‘গঠনতন্ত্রের ৪৬ ধারায় আমাদের চেয়ারম্যানকে এতো বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যে, এটা সৃষ্টিকর্তার পরে সর্বময় ক্ষমতা। এটা একটি একনায়কতন্ত্রের মতো ধারা। এর ফলে চেয়ারম্যান কারও মতামত ছাড়াই যে কাউকে দল থেকে বহিষ্কার করতে পারেন। যে কোনও ব্যক্তি--তা তার চাকর-বাকর যে কেউই হতে পারেন--তাকে দলের যে কোনও পদে বসাতে পারেন।”

ফিরোজ রশীদ বলেন, “আমি মনে করি এটা স্বৈরাচারী খড়গ, এর চির অবসান করতে হবে। যে কোনও সিদ্ধান্ত চেয়ারম্যান দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে নিলে তা দলের জন্যও ভালো হবে। ”

তার মতে কেউ “রাজনৈতিক দল করতে চাইলে অবশ্যই তার অভিজ্ঞতা থাকতে হবে। যিনি আঙুল ফুলে কালো টাকার পাহাড় গড়েছেন, তিনি অর্থ দিয়ে সাংসদ-নেতা বনে যাবেন, এটা হবে না।”

জাতীয় পার্টিতে এরশাদ প্রশ্নে কোনও বিভেদ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন “এরশাদকে ঘিরেই জাতীয় পার্টি। এখনই যদি রাষ্ট্রপতি নির্বাচন দেওয়া হয়, এরশাদই জনগণের ভোটে নির্বাচিত হবেন।” পার্টির ভেতর অন্য কোনও বিরোধ থাকার খবরও তিনি অস্বীকার করেন।

রওশন এরশাদের প্রশংসা করে তিনি বলেন, “তিনি কেবল এরশাদ সাহেবের স্ত্রীই নন, তিনি পার্টির একজন নেত্রী, এরশাদের কর্র্মী।”

দুপুরে ধানমন্ডির বাসায় বসে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজ দলে সংস্কারের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের ভেতরে সংস্কার কর্মসূচি চালানো জরুরি বলে মন্তব্য করেন কাজী ফিরোজ রশীদ। তিনি দুঃখ করে বলেন, “মুখে গণতন্ত্রের কথা বলা হলেও অনেক পুরনো রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলেও গণতন্ত্র চর্চার সুযোগ নেই।”

ফিরোজ রশীদ মনে করেন, ২২ জানুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশ সোমালিয়ার মতো যুদ্ধ ক্ষেত্রে পরিণত হতো। তিনি বলেন, “এ অবস্থা থেকে উত্তরণে দেশের সশস্ত্রবাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে এগিয়ে এসে জনগণকে সেই দূর্যোগ থেকে রক্ষা করেছেন।”

জরুরি অবস্থা জারির পরিস্থিতি সৃষ্টির জন্য রাজনীতিবিদদেরই দায়ী করে তিনি তিনি মন্তব্য করেন “প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার চারপাশে চাটুকারদের অবস্থান ও অবাধে তাদের দুর্নীতির কারণে বিএনপিতে চরম দুর্যোগে নেমে এসেছে।” তিনি বলেন“ প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার উচিত ছিল চাটুকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু তিনি তা করেননি বলে আজ বিএনপিকে চরম মূল্য দিতে হচ্ছে। আওয়ামী লীগও তার শাসনামলে গডফাদার সৃষ্টি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।”

এরশাদের সঙ্গে বিএনপির সর্ম্পকে বিচ্ছিন্ন করার পেছনে বিএনপির একটি ‘অর্বাচীন অংশ’কে দায়ী করেন তিনি। তার অভিযোগ “ওই অংশটি এরশাদের ঘর ভেঙ্গেছে। মিথ্যা মামলা দিয়েছে।”

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভেতরে নেতৃত্বে গুণাবলী ছিল মন্তব্য করে ফিরোজ রশীদ বলেন, “২০০১ সালের নির্বাচনে পর্দার পেছনে থেকে তিনি দলের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তারেক সাহেব ক্ষমতা অপব্যবহার করেছেন। তার চারপাশে মামুন, হারিছ গং-রা তার নাম বেচে সব অপকর্ম করেছে। এর দায়ভার এখন তারেককেই বহন করতে হচ্ছে।”