পরিবারের পরিচয়ে নয়, রাজপথে লড়েই এ পর্যায়ে এসেছি: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তার দলে পরিবারতন্ত্র বলে কিছু নেই, তিনি নিজ যোগ্যতাতেই রাজনীতিতে এসেছেন।
শুক্রবার বিকালে রাজধানীর হোটেল শেরাটনে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ দলে পরিবারতন্ত্র বলতে কিছু নেই। যে যার যোগ্যতা অনুযায়ী রাজনীতিতে এসেছেন। আমি রাজপথে ছিলাম। রাজপথে লড়াই করে, জনগণের সমর্থন নিয়েই আমি এ পর্যায়ে এসেছি। পরিবারের পরিচয়ে কেউ আসেনি।”
খালেদা জিয়া বলেন, “ তারাও (যুক্তরাষ্ট্র) দ্রুত নির্বাচন চায়। আমরাও দ্রুত নির্বাচন চাই। ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা ওঠে গেলে দলের সংস্কার কার্যক্রম শুরু হবে।”
শুক্রবার বিকাল ৪টা ১৫ মিনিট থেকে শেরাটন হোটেলে টপ অব দি পার্কে দেড় ঘণ্টার এ বৈঠকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য খন্দকার দেলোয়ার হোসেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ড. আর এ গনি, সহ--সভাপতি বিচারপতি টি এইচ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মুশফিকুর রহমান ও সাবেক পরারাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। এসময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। (সমন্বিত)
বৈঠক শেষে প্যাট্রেসিয়া বিউটেনিস সাংবাদিকদের বলেন, “ বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র নেতাদের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কার, রাজনৈতিক দলগুলোর সংস্কার, ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “ নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনকে আলোচনার সুযোগ দিতে হবে। সে জন্য আমি সরকারের প্রতি অনুরোধ করবো,ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে। এতে সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।
“ বিএনপি আমাকে জানিয়েছে সংস্কার কার্যক্রমে তারা সরকারকে সহায়তা করতে চায়। তারা তাদের দলেও সংস্কার করা প্রয়োজন বলে মনে করে।”
সন্ধ্যা ছয়টায় বিউটেনিস শেরাটন হোটেল ত্যাগ করার ২৫ মিনিট পর খালেদা জিয়া সাংবাদিকদের সামনে এসে উপস্থি হন। কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্যে খালেদা জিয়ার কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল, ম্যাডাম কি আলোচনা হয়েছে। হাস্যোজ্জ্বল খালেদার জবাব ছিল, এটা একটি বিদায়ী সাক্ষাত।
তিনি বলেন, “ নির্বাচনী সংস্কার, ভোটার তালিকা এবং রাজনৈতিক দলের সংস্কারসহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নতুন ভোটার তালিকা চাই।”
নিজের দলে সংস্কারের ব্যাপারে তিনি বলেন, “ ঘরোয়া রাজনীতি শুরু হলেই আমরা এ কাজ শুরু করবো। আমরা দলের ভিতরে প্রয়োজনীয় সংস্কার করতে চাই।”
দেড়ঘণ্টার বৈঠক শেষে চা চক্রে বিদায়ী রাষ্ট্রদূতকে আপ্যায়ন করেন খালেদা জিয়া। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা ডানবাস ম্যাক্লাউ।
পরে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা রিয়াজ রহমান সাক্ষাতের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, “রাষ্ট্রদূত খালেদা জিয়াকে গুডবাই জানাতে এসেছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রদূত দলে সংস্কারের ব্যাপারে আলোচনা করেছেন। যেমন দলের ভিতরে নারী প্রতিনিধির সংখ্যা কতো সে বিষয়ে জানতে চেয়েছেন। বর্তমানে বিএনপিতে নারী নেতৃত্ব দশ শতাংশ সংরক্ষিত রয়েছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
এসময় বিএনপির সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ তথ্য সচিব মারুফ কামাল খান সোহেল উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া এর আগে গত ১১ মে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের বসুন্ধরার বাসায় এক নৈশভোজে যোগ দিতে সর্বশেষ"সেনানিবাসের বাসা থেকে বের হন।
বিউটেনিস গত ১৬ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন।
