২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল নির্বাচনের জামানত চার মাসেও ফেরত দেয়নি কমিশন

২২ জানুয়ারির বাতিল সংসদ নির্বাচনের প্রায় দেড় হাজার প্রার্থীর জামানত চার মাস পরও ফেরত দেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ওই নির্বাচনের প্রার্থীদের জামানতের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 01:31 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ছহুল হোসাইন আরও বলেন, “কোনও প্রার্থী জামানতের অর্থ ফেরত চেয়েছেন, এমন তথ্যও রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনকে জানাননি।”

কমিশন সূত্র জানায়, নির্বাচনী আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই প্রার্থীকে এ অর্থ রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হয়। আইন অনুযায়ী, সংশ্লি¬ষ্ট নির্বাচনী আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগের চেয়েও কম ভোট পেলে প্রার্থীর জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়। নতুবা প্রার্থীকে জামানতের অর্থ ফেরত দিতে হবে। কোনও কারণে নির্বাচন না হলে প্রার্থী জামানতের অর্থ ফেরত পাবেন।

২২ জানুয়ারির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন ৪,১৪৬ জন। এর মধ্যে ২৬৫টি মনোনয়নপত্র বাতিল হয়। বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার মাধ্যমে ৫৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়। অর্থাৎ চূড়ান্তভবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩,৯৩৫ জন। পরে প্রার্থিতা প্রত্যাহার করেন ২,৩৭০ জন। সব শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১,৫৫৬ জন। এ নির্বাচনে খালেদা জিয়া, সাইফুর রহমান, তারেক রহমানসহ ১৭ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জনের ডাক দেয়।

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ২১ জানুয়ারি এক গেজেট বিজ্ঞপ্তিতে ২২ জানুয়ারির সংসদ নির্বাচন বাতিলের ঘোষণা দেয়।