যুক্তরাজ্য ও কানাডা আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর মুক্তি
সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক যুক্তরাজ্য ও কানাডা আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে বৃহস্পতিবার রাত নয়টা ৫৫ মিনিটে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক ২৫ জনের জামিনের আদেশ পৌছলেও তাদের নয়জনকে মুক্তি দেওয়া হয়।
এছাড়া বৃহস্পতিবার এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে সিলেট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্র্মী ও খেলাফত মজলিসের নায়েব মাওলানা হাবিবুর রহমানকে।
মুক্তি পাওয়া যুক্তরাজ্য ও কানাডার আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর এম এ রহিম, কানাডা আওয়ামী লীগ সভাপতি সারওয়ার আহমেদ ও নেতা ইয়াহিয়া আহমেদ, যুুক্তরাজ্য আওয়ামী লীগের আব্দুস শহীদ চৌধুরী, ফারুক চৌধুরী, মুজাহিদ আলী সোহেল, ঝলক পাল।
সিলেট মহানগর পুলিশের উপ--কমিশনার মাহবুবুল আলম সিরাজ বলেন, জামিন প্রাপ্ত ১৩ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মওলানা হাবিবুর রহমানকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৫ আওয়ামী নেতা কর্মীর জামিন আদেশের কপি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। আশা করি তাদের মুক্তিদানের ক্ষেত্রে আর কোন বাধা রইল না।
আটকাদেশপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান, মহানগর যুবলীগ সভাপতি সৈয়দ শামীম আহমেদ, মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আজাদ, যুবলীগ নেতা অজয় দেব, জেলা ছাত্রলীগ সভাপতি জগলুল চৌধুরী, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, এমসি কলেজ ছাত্র লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কমিশনার আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা সেলিম রেজা, ছাত্রলীগ নেতা শামসুল ইসলাম মিলন এবং ছাত্রলীগ নেতা ইউসুফ আলী।
জামিনে মুক্তি পাবার পর যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম সাংবাদিকদের বলেন, আমাদের মুক্তির দেবার জন্য হাইকোর্ট, সরকার, সাংবাদিক, জনগণকে ধন্যবাদ জানাই।
আটকাদেশের বাইরে জামিন প্রাপ্ত নেতাকর্মীরা হলেন, সিলেটের আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী, ছাত্র লীগের সাবেক জেলা সভাপতি শফিউল আলম নাদেল, আবু আম্বিয়া, মনির আহমদ, শাহেদ রেজা, টিটু ওসমানী, আরিজ আলী, টুনু মিয়া, রিমন মিয়া, সোয়েব আহমদ, তুরন মিয়াসহ আরও কয়েকজন।
এর আগে জামিন হওয়ার পরও গত ২৩ মে এক মাসের আটকাদেশ দেওয়া হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে। সিলেট পুলিশের নগর বিশেষ শাখা থেকে কারাগারে আটকাদেশের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত ১৪ মে শফিকুর রহমানের ভাতিজার বাড়ি থেকে মধ্যাহ্নভোজের একটি অনুষ্ঠান থেকে জরুরি আইন ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার ৪০ জন নেতা--কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গত ২২ মে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শফিকুর রহমান চৌধুরীসহ ৩৯ জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পরে আবদুল খালেক নামে একজনের জামিন হয়।
