২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ কোটি টাকা কর ফাঁকির মামলায় লবীকে গ্রেপ্তারে পরোয়ানা

১৭ কোটিরও বেশি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে আলী আসগর লবীকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। বুধবার উপ কর কমিশনার মো. নূরুল আমিন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে কারাবন্দী সাবেক বিএনপি সাংসদ, ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এবং মার্কেন্টাইল ইন্সুরেন্স কম্পানির পরিচালক লবীর বিরুদ্ধে প্রায় ২৩ বছরে বিপুল অংকের কর ফাঁকির একটি মামলা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মামলাটি বিচারক মো. আজিজুল হক আমলে নিয়ে বুধবার দুপুরে লবীকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন।

আগামী ৩০ মে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

আলী আসগর লবী জরুরি ক্ষমতা অধ্যাদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

১৯ পৃষ্ঠার মুদ্রিত মামলার আরজিতে ঘটনার সময়কাল দেখানো হয়েছে ১৯৮৪ সালের ৩০ জুন হতে ২০০৭ সালের ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত।

মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। আরজিতে বলা হয় আলী আসগর লবী গত ৬ ফেব্র“য়ারি তার গুলশানের বাসা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

এ সময় লবীর নামে ৯ কোটি ৭৫ লাখ টাকা স্থায়ী আমানত আছে মর্মে যৌথবাহিনী তথ্য পায়। যে তথ্য লবী ২০০৬-০৭ কর বর্ষের দাখিল করা আয়কর রিটার্নে দেখাননি।

এ ছাড়া লবী ঢাকার মতিঝিলে তার কেনা সাড়ে আট কাঠা অকৃষি জমি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া পাঁচ কাঠা জমি, ঢাকার ধানমণ্ডির মের্সাস রূপসা এনার্জি, সিএনজি ফিলিং স্টেশন ও প্রাথমিক বিনিয়োগ কৃত অর্থ এই ফিলিং স্টেশনের মেশিনারিজ ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক খাতে বিনিয়োগ কৃত অর্থ, ব্যবসার আয় ইত্যাদি হিসাব তার বিভিন্ন বছরে আয়কর রিটার্নে দেখাননি।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোশররফ হোসেন কাজল।