আমান দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
এই প্রতিবেদকসহ বেশ কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে সোমবার বিশেষ জজ আদালত--১ এর বিচারক মোহাম্মদ ফিরোজ আলমের আদালতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক আব্দুল্লাহ আল জাহিদসহ মোট চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়।
আদালত অন্য যে তিন জনের সাক্ষ্য নিয়েছেন তারা হলেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার বজলুর রশিদ, আমানের পক্ষে দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির বিবরণ জমাদানকারী অ্যাডভোকেট কাজী শাহাজ উদ্দিন এবং কাফরুল থানার উপ--পরিদর্শক আবুল বাসার।
আসামী পক্ষের আইনজীবীদের জেরার জবাবে মামলার বাদি আদালতকে বলেন, “ আসামীর পক্ষে সম্পত্তি সম্পর্কিত যে তথ্য কমিশনে জমা দেওয়া হয়েছে তার উৎস এবং মূল্য ছাড়া অন্য সব তথ্যই সঠিক।”
আসামী পক্ষের আইনজীবীরা এই সময় আদালতে বলেন, “দুর্নীতি দমন কমিশনের জারি করা নোটিশে শুধু সম্পত্তির হিসেব জমা দেওয়ার কথা ছিল। সেখানে সম্পত্তির উৎস বা মূল্য সম্পর্কে কোনো তথ্য দেওয়ার নির্দেশ ছিল না।”
জবাবে বাদী বলেন,“সম্পত্তির হিসেব জমা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই তার উৎস এবং মূল্যও উল্লেখ করতে হয়। কমিশন অনুসন্ধান করে আসামীদের বিরুদ্ধে যে তথ্য--প্রমান পেয়েছে তা সঠিক।”
রোববার সাবেরা আমানকে আদালতে হাজির না করায় আদালত মামলার সাক্ষ্য গ্রহণ একদিনের জন্য মুলতবি করেন।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন আমান উল্লাহ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
