২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন হত্যা মামলায় মঙ্গলবার ১০ জামায়াত নেতার অভিযোগ গঠনের শুনানি

২৮ অক্টোবর পল্টনে ছাত্রমৈত্রী কর্মী রাসেল হত্যা মামলায় মতিউর রহমান নিজামীসহ ১০ জামায়াত নেতার অভিযোগ গঠনের শুনানি হবে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এর আগে ৮মে জামায়াতের ১০ নেতা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিনউল্লাহ মঙ্গলবার পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

জামিন পাওয়া জামায়াত নেতারা হলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, মকবুল আহমেদ, এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, এটিএম সিরাজুল হক, শফিকুল ইসলাম মাসুদ, জাহিদ হোসেন এবং শিশির মনির।

এর আগে ৭ মে জামায়াতের পক্ষ থেকে রাসেল হত্যা মামলার অভিযোগ গঠন স্থগিত করার জন্য একটি রিভিশন আবেদন করা হলে বিচারক মোহাম্মদ মোমিনউল্লাহ সেটি প্রাথমিকভাবে গ্রহণ করে ২৩ মে বুধবার মূল শুনানির তারিখ নির্ধারণ করেন। আবেদনটির মূল শুনানি শেষ হওয়ার পরই অভিযোগ গঠনের বিষয়টি নিস্পত্তি করবে আদালত।

খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আগের দিন পল্টনে ১৪ দলের নেতাকর্মী, জামায়াত--শিবির ও পুলিশের তিনমুখী সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি দুই মামলায় ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়ছ ১১ এপ্রিল।