২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন আলমগীরের দুর্নীতি মামলার সম্পূরক তদন্ত প্রতিবেদনের শুনানি

আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সম্পূরক তদন্ত প্রতিবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন তদন্ত প্রতিবেদনটি সম্পূরক হিসেবে গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে মঙ্গলবার আদেশ দেবেন।

দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের দাখিল করা ওই তদন্ত প্রতিবেদনে মহিউদ্দিন খান আলমগীরের ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তির হিসাব পাওয়ার কথা বলা হয়েছে।

গত ৬ মার্চ মহিউদ্দিন খান আলমগীর এর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এরপর ৬ মে মামলাটি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত থেকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত ৯ মে মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্ত সেটি অসম্পূর্ণ থাকায় আদালত তদন্তকারী কর্মকর্তাকে ২১ মে সম্পূরক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।