২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিন: জলিল

শুধু মৌখিক আশ্বাস না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল। রোববার রাজধানীর দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:13 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দ্রব্যমূল্যর ঊর্ধŸগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু বক্তব্য না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারের সেই ক্ষমতা রয়েছে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “রাজনীতির পরিবেশ তৈরি হলে দলের মধ্যে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ এলে আমরা অবশ্যই তা বাস্তবায়ন করবো।”

আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা রয়েছে বলে দাবি করেন আব্দুল জলিল। একইসঙ্গে তিনি বলেন, “অন্য কোনও দলে এরকম গণতন্ত্রের চর্চা নেই। সেসব দলে গঠনতন্ত্রে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ না থাকলেও বিশেষ ব্যক্তির জন্য ওই সব পদ সৃষ্টি করা হয়েছে।”

আব্দুল জলিল বলেন, “আওয়ামী লীগ সংস্কারের জন্য প্রস্তুত। দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রয়োজন হলে আরও সংস্কার করবে আওয়ামী লীগ।” 

মহাজোটের পক্ষ থেকে দেওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনীতির বিকল্প কিছু হতে পারে না। সাময়িকভাবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে মাত্র।” 

ধর্মীয় কারণে অনেক মহিলা ক্যাম্পে গিয়ে ভোটার তালিকার জন্য ছবি তুলবেন না। একজন সাবেক উপদেষ্টার দেওয়া এ অভিমত সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “যারা ধর্মীয় কারণে ক্যাম্পে গিয়ে ছবি তুলতে চায় না, তারাই আবার হজের সময় ছবি তোলেন। এজন্য তাদের সচেতন করে তুলতে হবে।”

সরকারের একজন উপদেষ্টা রাজনীতিকে ‘প্যারালাইজড রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ বিষয়ে জলিল বলেন, “রাজনীতি স্বচ্ছ ও সচল আছে। এই স্বচ্ছ ও সচল রাজনীতিকে রেখেই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।”