২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ ইব্রাহিম ও মামুনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন

বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তার ভাই গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে আলাদা দুটি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার দুপুরে ঢাকার মহানগরীর সিনিয়র বিশেষ ট্রাইবুনাল জজ মো. আজিজুল হক তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ গঠন করে আগামী ৩০ মে মামুন ও ৩১ মে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

অভিযোগ গঠনের আগে হাফিজ ইব্রাহিম ও গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাদের আইনজীবীরা মামলায় অব্যহতি চেয়ে দরখাস্ত দেন। কিন্তু শুনানি শেষে বিচারক সেগুলো নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।

মামুনের মামলাটির সাক্ষ্যগ্রহণ মহানগর বিশেষ ট্রাইবুনাল--২ এ এবং হাফিজ ইব্রাহিমের মামলাটি মহানগর বিশেষ ট্রাইবুনাল--৬ এ অনুষ্ঠিত হবে।

গত ২৭ ফেব্র“য়ারি যৌথবাহিনী হাফিজ ইব্রাহিমের গুলশানের বাসা থেকে দুইটি তলোয়ার ও ২৬ মার্চ মামুনের গুলশানের বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে গুলশান থানায় অস্ত্র আইনে দুটি মামলা হয়।

রোববার দুই অভিযুক্তের পক্ষে অব্যাহতির শুনানি করেন ব্যারিস্টার ফকরুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী।