নতুন ফরাসী প্রেসিডেন্টকে খালেদা--হাসিনার অভিনন্দন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে অভিনন্দন জানিয়েছেন।
পৃথক বাণীতে দুই নেত্রী আশা প্রকাশ করেছেন নিকোলাস সারকোজির নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সুসম্পর্ক আরো জোরদার হবে।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুসর্ম্পকের কথা উল্লেখ করে বলেন, বন্ধু প্রতীম দুই দেশের জনগণের মধ্যকার সর্ম্পক নবনির্বাচিত প্রেসিডেন্টের গতিশীল নেতৃত্বে আরো এগিয়ে যাবে। বিশ্বশান্তি, সন্ত্রাস দমন ও দারিদ্র বিমোচনে ফ্রান্স অগ্রনী ভূমিকা রাখবে।
শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় বলেন, বিভিন্ন দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দারিদ্র ও সন্ত্রাস দমনে ফরাসী নবনির্বাচিত প্রেসিডেন্টের সুযোগ্য নেতৃত্ব ও প্রচেষ্টা ফলপ্রসু ও কার্যকর ভূমিকা রাখবে। তিনি নিকোলাস সারকোজির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
