সেনা বিশেষজ্ঞরা বলেছেন, ৬ মাসেই ভোটার তালিকা করা সম্ভব
সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরি করা সম্ভব। তবে বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করতে গেলে আরো সময় প্রয়োজন। ক্যাম্পে বসেই এই কাজ করতে হবে। একই সঙ্গে তৈরি করা যাবে জাতীয় পরিচয়পত্রও।
তবে সেনা বিশেষজ্ঞদের সঙ্গে দ্বিমত পোষণ করে নির্বাচন কমিশন বলেছে, ছয় মাসে আদৌ এ কাজ করা সম্ভব নয়।
বুধবার বিকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল সাংবাদিকদের কাছে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার নমুনা উপস্থাপন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেনেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন মেজর এনায়েত করিম ও মেজর ইমতিয়াজ আহমেদ।
কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন কমিশন ধারণা করছে, এবার ভোটারের সংখ্যা হবে সাড়ে সাত কোটির মতো। ১২ হাজার টিম একেকটি এলাকায় ক্যাম্পে বসে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ করবে। আর আমাদের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এই কাজ করতে জনপ্রতি ১০ মিনিট সময় লাগবে।
তিনি বলেন, “আমরা হিসেব -- নিকেশ করে দেখেছি, ভোটার তালিকার পুরো কাজ শেষ করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।”
মেজর এনায়েত করিম বলেন, “বাড়ি বাড়ি গিয়েও ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরি করা সম্ভব। কেননা ল্যাপটপসহ যন্ত্রপাতি সবই বহনযোগ্য। তবে সে জন্য সময় আরো বেশি লাগবে। আমাদের প্রস্তাব হচ্ছে, বাড়ি বাড়ি না গিয়ে একেকটি পাড়া ধরে এই কাজ করা।”
সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরি করে দেওয়ার বিষয়ে সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, “পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে না নেমে বলা সম্ভব নয়, এ জন্য কতো সময় লাগবে।’’
সিইসি বলেন, “তাছাড়া সেনা বিশেষজ্ঞরা এ রকম কোনো কথা আমাদের তো বলেনি। ছয় মাসের মধ্যে ভোটার তালিকা করা সম্ভব -- এটি একটি আজগুবি ধারণা।”
কর্নেল মোস্তাফিজ জানান, ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে লোকজনকে আগেই ফরম দেওয়া হবে। যারা লিখতে পারেন না, তাদের ফরমপূরণ করে দেবেন সেনা সদস্যরাই। পাঁচ -- ছয়টি তথ্য প্রয়োজন পড়বে ভোটার তালিকার জন্য। আর জাতীয় পরিচয় পত্রের নমুনা ফরমে ৩৪ টি তথ্য চাওয়া হলেও কয়েকটি বাদে বাকি তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক নয়। সেনাবাহিনীর প্রস্তাব হচ্ছে, ১৬ বছরের ঊর্ধ্ব নারী -- পুরুষ সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া। আর এ কাজ নির্ভুলভাবে করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়ার দরকার হবে।
উল্লেখ্য, চলতি মাসেই নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করতে যাচ্ছে। আর আগস্টে শুরু হবে পুরো কাজ। একই সঙ্গে কমিশন জাতীয় পরিচয়পত্রও তৈরি করবে। এই কাজের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। পুরো কাজে সেনাবাহিনীর প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া হচ্ছে।
