২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ অসুস্থ কোকোকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি, যেতে পারেন খালেদা জিয়াও

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অসুস্থ ছোট ছেলের সঙ্গে তাঁর মা খালেদা জিয়া ও পরিবারের অন্য সদস্যরাও সিঙ্গাপুর যেতে পারেন। দলীয় এবং পারিবারিক সূত্রগুলো একথা জানিয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহতাব উদ্দিন আহমেদ এবং অন্যএকজন হৃদরোগ বিশেষজ্ঞ কোকোর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলে তার পরিবারিক সূত্রগুলো জানিয়েছে।

সূত্রগুলো বলছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কোকোকে নিয়ে যাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স খালেদা জিয়ার সঙ্গে তাঁর শহীদ মইনুল সড়কের বাসায় সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, “ ম্যাডাম দলীয় নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন। আরাফাত রহমান অসুস্থ। তাঁর বুকে ব্যথা উঠেছে ।”

এদিকে খালেদা জিয়ার সঙ্গে সোমবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তার দুই ভাইসহ দলের কয়েকজন নেতা দেখা করেছেন।

দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান বিকেল ৪টায়, দলের সহসভাপতি ও ভাই অবসরপ্রাপ্ত মেজর সাঈদ

এস্কান্দর সন্ধ্যা ৬টায় এবং ছোট ভাই শামীম ইস্কান্দর সন্ধ্যা ৭টায় সেনানিবাসের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, তিনি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেত্রী দলের নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে বলেছেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর নজরুল ইসলাম খান গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় যান।