ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার বিবেচনা করবে সরকার: উপদেষ্টা মতিন
ঘরোয়া রাজনীতি ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি শিগগিরই বিবেচনা করবে সরকার। অবশ্য এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন সোমবার দুপুরে তিনি তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।
দেশের বাইরে বিভিন্ন ব্যাংকে ব্যবসায়ীদের গচ্ছিত অর্থ উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত বিদেশি বিভিন্ন ব্যাংক থেকে ব্যবসায়ীদের ২৩৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ দায়িত্ব দিয়েছে।
বৈধ উপায়ে উপার্জিত অঘোষিত টাকার ব্যাপারে সরকার বৈধতা দেবে কি না প্রশ্ন করা হলে যোগাযোগ উপদেষ্টা বলেন, “আমি মনে করি তাদের সুযোগ দেওয়া যেতে পারে। তারা যদি রিটার্ন (আয়কর) জমা দিয়ে এই টাকা বৈধ করতে চান তাহলে ছাড় দেওয়া যেতেই পারে।”
তবে বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলেও তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, যাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে তাদের ক্ষেত্রে একটি মামলা নিয়ে এগোচ্ছে সরকার। যে মামলাটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে সেই মামলাটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
দুর্নীতি দমনে টাস্কফোর্সের কার্যক্রমে অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এ পর্যন্ত ২২টি মামলার এফআইআর করা হয়েছে। চারটি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশনে। গুরুতর দুর্নীতি সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি থেকে আরও সাতটি মামলা দুর্নীতি দমন কমিশনে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
