সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য সিপিএ-কে চিঠি পাঠাচ্ছেন স্পিকার
কমনওয়েলথ পার্লামেন্ট এসোসিয়েশনে (সিপিএ) বাংলাদেশের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য চিঠি পাঠানো হচ্ছে। স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার লন্ডনে সিপিএ-র সদর দপ্তরে এই চিঠি দিচ্ছেন।
বুধবার চিঠি পাঠানো হতে পারে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “সিপিএ ভুল ধারণার ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছে। ভুল শুধরাতে চিঠি দেওয়া হবে। চিঠিতে বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থা সর্ম্পকে তাদের অবহিত করা হবে।”
স্পিকারের একজন ব্যক্তিগত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, স্পিকারের চিঠি বুধবার লন্ডনে পাঠানো হবে।
প্রসঙ্গত, টানা ৬ মাসের বেশি সময় বাংলাদেশের সংসদ না বসা এবং পরবর্তী সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হওয়ায় সম্প্রতি সাইপ্রাসে সিপিএ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বাংলাদেশের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিএ‘র বর্তমান সদস্য সংখ্যা ৫৪। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে এর পরবর্তী সম্মেলন হবে।
