জনতার ঢল ভেঙ্গে সুধা সদনে হাসিনার প্রবেশ
জরুরি অবস্থার মধ্যেই নেতা-কর্মী-সমর্থকদের অভাবিত উপন্থিতি, বিপুল হর্ষধ্বনি আর জয় বাংলা স্লোগানের মধ্যে দীর্ঘ ৫২ দিন বিদেশ সফর শেষে সোমবার বিকেলে দেশে ফিরেছেন শেখ হাসিনা।
পৌনে পাঁচটায় দেশে ফিরে হাসিনা সন্ধ্যে পৌনে সাতটায় সরাসরি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত আটটায় তিনি নিজ বাসভবন হাসিনা সুধা সদনে পৌঁছান।
আওয়ামী লীগ সভানেত্রীকে বহনকারী ইত্তিহাদ এয়াওয়েজের বিমানটি বিকেল চারটা চল্লিশ মিনিটে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, তাকে দেশে ফিরতে বাধা দিয়ে সরকার ভুল করেছিল। বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক সুমন মাহবুব ও কামরান রেজা চৌধুরী।
বিমান বন্দর থেকে সোয়া পাঁচটায় বের হয়ে এলেও নিকুঞ্জ এলাকা পর্যন্ত পৌঁছাতেই সন্ধ্যে ছয়টা বেজে যায়। এসময় হাসিনার গাড়িকে নেতা-সমর্থক-জনতার অনুসরণে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। সন্ধ্যে ছয়টায় মহাখালী থেকে আমাদের প্রতিবেদক আবু নোমান সজীব জানান, সেখান থেকে পুরো বিমানবন্দর অভিমুখী সড়কে যানবাহন স্থির হয়ে থাকে। রাস্তার দুপাশে জড়ো হওযা অসংখ্য মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান হাসিনাকে। শেখ হাসিনা বুলেট প্রুফ মার্সিডিজ গাড়ির ভেতর থেকে হাত নেড়ে জনগণের শুভেচ্ছার জবাব দেন।
জরুরি অবস্থার মধ্যেও অগুনতি মানুষ শ্লোগান দেন, “শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে”,“জয় বাংলা” ও “শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম”।
এর আগে ইত্তিহাদ এয়াওয়েজের ই-৪২৫৪ নম্বর ফ্লাইটে শেখ হাসিনা বিকেল চারটা ৪০ মিনিটে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানাতে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, জোহরা তাজউদ্দিন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আবদুল মান্নান, সুলতান মো. মনসুর আহমেদ, আবদুর রহমান, কর্নেল (অব:) ফারুক খান, সাহারা খাতুন, ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস ও শাহজাহান খান উপস্থিত ছিলেন। তবে, বিমান বন্দরের বাইরে এসময় শতাধিক কর্মী-সমথর্ক উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হাসিনা তাকে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, “আমাকে ফিরে আসতে বাধা দেয়ার বিষয়টি আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। শুধু আমি কেনো, বিশ্বের কেউই তা মেনে নিতে পারেনি।”
ভবিষ্যত কর্মকাণ্ড প্রসঙ্গে হাসিনা বলেন, “আমি প্রথমে সবার সঙ্গে দেখা করব, কথা বলব তার পরে যা বলার বলব।”
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে হাসিনা বলেন, “১৯৪৯ সালে দলের জন্মলগ্ন থেকে আমার দল সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া এ বিষয়ে আমার দলের ভারপ্রাপ্ত সভাপতি যে বক্তব্য দিয়েছিলেন, সেটাই আমার বক্তব্য। সংস্কার আওয়ামী লীগ করবে। অন্য কেউ বলে দিলে হবে না।
তিনি তবে তিনি কারো নাম উল্লেখ না করে প্রশ্ন রাখেন সংস্কার বলতে কী বুঝায় তা তারা সংজ্ঞায়িত করেনি। বার বার সংস্কারের কথাই বলা হচ্ছে।
এর পরপরই শেখ হাসিনা ভিআইপি লাউঞ্জের বাইরে এসে নিজের গাড়িতে ওঠেন। নিরাপত্তার কারণে ভিআইপি লাউঞ্জে কর্মীরা প্রবেশ করতে না পারলেও বিমান বন্দরের বাইরে গোল চত্বর থেকে শুরু করে পুরো সড়কে দলীয় কর্মীরা সমবেত ছিল।
সরকার তাকে অন্তরীণ করে রাখলে কি করবেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “এর আগে আমাকে দেশে ফিরতে না দিয়ে সরকার ভুল করেছিল। আশা করছি এই ভুল তারা আবার করবে না। আমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়েছে।”
হাসিনাকে বহনকারী গাড়ি ধানমন্ডির ৩২ নস্বর সড়কে এসে পৌঁছলে শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান। এসময় রাস্তার দু’দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো রাস্তা জন সমুদ্রে পরিণত হয়। বিভিন্ন স্লোগানে কর্মী-সমর্থকা দলীয় সভানেত্রীকে স্বাগত জানায়।
এসময়, একটি বেসরকারী বিশ্ববিদ্যালযের ছাত্র রঞ্জিত জানান, সে শেখ হাসিনাকে দেখতে ওখানে গেছেন। পুরোনো ঢাকার এক দোকানদার জলি শান্ত ইসলাম বলেন,“ শেখ হাসিনা দেশে ফেরায় আমরা খুবই খুশি।”
লিলি নামের এক তরুণী বলেন,“ আমি শুনেছিলাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে অভুতপূর্ব জনসমগম হয়েছিলো। তখন আমি তা দেখিনি। আজ বুঝতে পারলাম সেদিন কি হয়েছিলো।”
দলীয় নেতাদের মধ্যে আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ বেশ কয়েকজন নেতাকে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মাগরিবের নামাজ আদায় করেন।
সিনিয়র প্রতিবেদক নাইমুল হক এবং প্রতিবেদক মারুফ মল্লিক জানান, শেখ হাসিনা রাত আটটায় সুধা সদনে প্রবেশ করেন। দলীয় কর্মী-সমর্থকদের সামাল দিতে ও নিরাপত্তার স্বার্থে সেখানে সাত প্লাটুন পুলিশ নিয়োজিত ছিলো। তার পরও সেখানে শত শত কর্মী-সমর্থক সেখানে সমবেত হয় এবং শেখ হাসিনার আগমনের সঙ্গে সঙ্গে তারা দলীয় স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। হাসিনার সঙ্গেই আব্দুল জলিল সুধা সদনে যান। এর আগেই তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোস্তফা জালাল মহিউদ্দিনসহ বেশ কয়েকজন নেতা সুধা সদনে আসেন।
দুপরের পর থেকে দলীয় নেতা-কর্মীরা সুধাসদনে ভিড় করতে থাকেন। সভানেত্রীকে বরণ করে নিতে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন তারা। সন্ধ্যা সাতটা থেকে স্লোগান দিতে শুরু করেন। এরপর থেকে থেমে থেমে চলতে স্লোগান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিকাল থেকেই সুধা সদনের প্রবেশ করার পথের পাশে লাইন করে দাড়িয়ে যান যুব মহিলা লীগের কর্মীরা।
সুধা সদন ও এর আশেপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। প্রতি শিফটে ৫৩ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন। ভবনের আশেপাশে বসানো হয়েছে ১১টি নিরাপত্তা চৌকি। দুপুরের পর পুলিশের বিশেষ শাখার দশ সদস্যের একটি দল সুধা সদনে আসে। বিকাল থেকে সুধা সদনের একশ গজের মধ্যে কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি।
রোববার বাংলাদেশ সময় রাত ২টায় হাসিনাকে বহনকারী ইত্তিহাদ এয়ারওয়েজের বিমানটি হিথ্রো বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় কয়েকশ’ প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা শেখ হাসিনাকে বিদায় জানান।
সোমবার বিমানবন্দর ও তার আশে-পাশের এলাকায় তেমন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। তবে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের ঢোকা ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিলো। প্রথমে সংবাদ মাধ্যমের তালিকা করে সাংবাদিকদের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে দেওয়া হয় এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়ে দেন, শেখ হাসিনা বের হওয়ার পর সাংবাদিকরা ভিআইপি লাউঞ্জ ত্যাগ করতে পারবে।
নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশের উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, শেখ হাসিনার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষ শাখার সদস্যদের প্রত্যাহার করা হলেও সোমবার তাদের পুনর্বহাল করা হয়েছে। ১০ সদস্যের এসবি টিমের নেতৃত্বে আছেন ইন্সপেক্টর সেলিনা বানু।
গত ১৫ মার্চ শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর দেশে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের ও হত্যা মামলায় অভিযোগপত্র দায়ের হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
সে সময় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সভানেত্রীকে তার নির্ধারিত সময়ে দেশে ফেরার অনুরোধ জানান। যোগাযোগ উপদেষ্টার অনুরোধের পর হাসিনা দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন। এরপর ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এজন্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয় প্রেসনোটে। দেশ-বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়টিকে হাসিনার দেশে ফেরার ওপর সরকারি নিষেধাজ্ঞা হিসেবে বলা হয়।
এরপর দিনই শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন আসেন। ২২ এপ্রিল দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করেন। ভারতীয় দুটি বেসরকারি টেলিভিশনকে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরে আসবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরি করবেন।
লন্ডনে থাকাকালে শেখ হাসিনা বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেও বক্তব্য দেন।
পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার নেয়।
শুক্রবার লন্ডনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরার পর গ্রেপ্তার করা হলে কারাগারে যেতেও ভীত নন তিনি। যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন।
