২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর মামলা দিয়ে সংসদ ভবনের বিশেষ আদালতের কাজ শুরু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতের কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার দুপুর ৩ টা ৪৫ মিনিটে সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত -৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এ দিন বাদী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবু সাঈদ, মাঠ কর্মকর্তা আখেরুজ্জামান ও আবদুল হাকিমের সাক্ষ্য নেওয়া হয়। বাকি দুজন সাক্ষী ফখরুদ্দিন চৌধুরী ও আলফাজ উদ্দিনের সাক্ষ্য গ্রহণ হবে ৮ মে।

এদিকে অপর তিনটি বিশেষ জজ আদালত আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও মীর নাছিরসহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন আগামী ৯ মে ধার্য করেছেন।

এর আগে দুপুরে মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মমিনউল্লাহ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মহীউদ্দীন খান আলমগীর, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও মীর নাছিরসহ পাঁচ জনের দুর্নীতির মামলার সব নথিপত্র সংসদ ভবনে অবস্থিত বিশেষ আদালতে পাঠান।

আদালতে সাক্ষ্য গ্রহণের সময় হারিছ চৌধুরীর পক্ষের কোনো আইনজীবী ছিল না। কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মীর মোহাম্মদ আলী সালাম, এ এফ এম গোলাম ফাত্তাহ এবং মঞ্জুর মো. শাহনেওয়াজ।

বিশেষ আদালতে মামলার শুনানি চলাকালে সাংবাদিকদের এজলাসে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। সাংবাদিকদের কেনো এজলাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নের জবাবে মামলার পিপি মীর মোহাম্মদ আলী সালাম সাংবাদিকদের বলেন,“এজলাসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ নয়। তারপরেও কেন ঢুকতে দেওয়া হয়নি সেটা কর্তৃপক্ষ জানেন।”

বিশেষ আদালতের কারণে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কয়েক ধাপে তল্লাশি করার পর ওই এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম দিকে আদালত চত্বরে সাংবাদিকদের ঢুকতে না দিলেও দুপুরের পরে আদালতের বাইরে অবস্থানের অনুমতি দিয়েছে কর্র্র্র্তৃপক্ষ।

দুর্নীতি দমন কমিশনের ঃসময়সীমার মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল না করায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ এপ্রিল কমিশন মামলাটি করে।

১২ জানুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই হারিছ চৌধুরী পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এই বিচার কাজ শুরু হয়েছে।