রাজনীতি থেকে পিছু হটলেন ইউনূস
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকেলে ফ্যাক্সে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ‘‘ পরিকল্পনা ছিল ঘরোয়া রাজনীতি উপর নিষেধাজ্ঞা উঠে গেলে সেই টিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দল গঠনের কাজে এগিয়ে যাবো। কিন্তু সকল প্রচেষ্টা সত্ত্বেও আমার মনে আস্থা আসে এরকম একটি টিম গঠন করতে সক্ষম হলাম না। এই প্রক্রিয়ার মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমার ধারণা হয়েছে আরো দীর্ঘদিন অপেক্ষা করলেও এতে আমি সফল হবো না। এখনই বাস্তবতাকে মেনে নিয়ে এ পথে আর অগ্রসর না হওয়াই সঠিক হবে বলে মনে করে এ প্রচেষ্টা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ (আরও তথ্যসহ-১)
গত ২২ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এর আগে তিনি ১১ ফেব্রুয়ারি জনগনের কাছে দল গঠনে মতামত চেয়ে খোলা চিঠি দেন।
বুধবার ফ্যাক্সযোগে পাঠানো চার পৃষ্ঠার চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চলার পথে জাতির ‘গিয়ার’ পাল্টানোর সময় এসে গেছে। এখন দরকার নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব সৃষ্টি করা, যারা এ কাজটি সুন্দরভাবে করে দিতে পারবেন। তিনি এই পট পরিবর্তনে কেউ যেন ব্যর্থ না হয় সে বিষয়টি চিঠিতে উল্লেখ করেন।
দেশে জরুরি অবস্থা ঘোষণা ও নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনে দেশে আশাবাদ সৃষ্টি হয়েছে দাকি করে তিনি মন্তব্য করেন, এতে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ারগুলো খুলে দিয়েছে। তিনি বলেন, ‘‘সহিংস রাজনীতি, বিভেদ ও সংঘাতকেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে এসে নতুন নেতৃত্বে দেশকে দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক ধারা সৃষ্টি করার ব্যাপারে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ রকম সুযোগ যে জাতির জীবনে বারবার আসে না সেটাও সবাই বুঝতে পেরেছেন।’’
রাজনীতিতে যোগ দেওয়ার কারণ উল্লেখ করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ‘‘রাজনৈতিক সদিচ্ছা, যোগ্য নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠিত করতে পারলে দেশের মানুষের সহজাত উদ্যম আর সৃষ্টিশীলতা দিয়ে আমরা অসাধ্য সাধন করতে পারবো। আমাদের সকলের একটা স্বপ্ন ছিল যে দেশবাসীকে সংঘাত, পারস্পারিক আত্মবিশ্বাস ও হতাশা থেকে মুক্ত করে একটি কর্মমুখর আত্মবিশ্বাসী জাতিতে পরিণত করা।’’ তিনি সেই বিশ্বাস থেকে রাজনীতিতে যোগ দিতে উদ্যোগী হয়েছিলেন বলে চিঠিতে দাবি করেন।
দল গঠনের ঘোষণার পর যারা চিঠি, ফ্যাক্স, ই-মেইল ও এসএমএস পাঠিয়ে ব্যাপক সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁেদর সমর্থন সত্ত্বেও রাজনীতি থেকে সরে আসার জন্য তিনি নিজে দুঃখ প্রকাশ করেন।
দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করে ড. ইউনূস চিঠিতে আরও বলেন, একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সফল রাজনৈতিক দল গঠনে যাদেরকে সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাঁদেরকে আমি সঙ্গে পাচ্ছি না। এদের কেউ কেউ বর্তমানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, আবার কেউ রাজনৈতিক দলে না থেকেও দেশের রাজনীতির ব্যাপারে উৎসাহী। তারা সকলেই নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হোক এটা চান। তবে আমি তাদেরকে সঙ্গে আনতে পারিনি। যারা প্রথম থেকে উৎসাহ দিয়ে এসেছিলেন, তাদের উৎসাহও দেখলাম ক্রমে কমতে শুরু করেছে।
ইউনূস আগামী ৫ বছরকে বড় গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, এখন দেশের পট পরিবর্তনের সময়। বাংলাদেশের সকল প্রতিবেশি দেশের সঙ্গে মহাসড়ক যোগাযোগ স্থাপন এবং তাদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে মহাবন্দর স্থাপন, গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদকে দেশের উন্নয়নের বড় নিয়ামক হিসেবে গড়ে তোলা, তথ্য প্রযুক্তির ব্যবহার, জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর, প্রবাসীদের পাঠানো অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মতো কার্যক্রম ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। চিঠির শেষ প্রান্তে ড. ইউনূস সকল ভুল ত্রুটি ও সীমাবদ্ধতা সত্ত্বেও সকলের ভালবাসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
