নের্তৃত্ব নিয়ে কোনো বিরোধ নেই: মান্নান ভূঁইয়া
বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ আছে। দলের নেতৃত্ব নিয়ে কোনও বিভেদ ও বিতর্ক নেই। তার নেতৃত্বেই আগামী দিনে দলের সংস্কার পরিচালিত হবে।
খালেদা জিয়ার নের্তৃত্বের প্রতি দলের অধিকাংশ নেতার আস্থা নেই বলে পত্রপত্রিকার খবর এবং মহাসচিব পদ নিয়ে বিএনপি নেতা হান্নান শাহ এর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে মান্নান ভূঁইয়া এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাত পৌনে আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চায়, আমার দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভিতরে সংস্কার কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছিলেন। কিন্তু জরুরি অবস্থার কারনে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাাওয়ায় তা স্থগিত আছে। ঘরোয়া রাজনীতি শুরু হলে এই কার্যক্রম আবার শুরু হবে।” ( বিস্তারিত)
মান্নান ভুঁইয়া দেশের গণতন্ত্র ও জণগনের স্বার্থে রাজনৈতিক সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তার এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
তিনি মনে করেন, “দল এবং দেশের জন্যে সময়ের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক সংস্কার জরুরি।”
“বিএনপি মনে করে, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে সংস্কার সাধন করে দলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা,” বলেন মান্নান ভুঁইয়া।
নির্বাচন কমিশনের সংস্কার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “কমিশনের প্রস্তাবগুলো আমরা দেখেছি। রাজনৈতিক কার্যক্রম চালু হলে দলীয়ভাবে আলোচনা করার পর নির্বাচন কমিশনকে আমাদের সিদ্ধান্ত জানাবো। একইসঙ্গে আমি বলতে চাই, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে হলে পেশি এবং কালো টাকার প্রভাবমূক্ত করতে হবে। জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেইজন্য প্রশাসনকে নিরপেক্ষ এবং জবাবদিহিমূলকও করতে হবে। এক্ষেত্রে বিএনপির অবস্থান পরিস্কার।”
দলের নেতৃত্ব নিয়ে বিভেদ ও বিভ্রান্তি সম্পর্কে মান্নান ভুইয়া বলেন, “বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের নেতৃত্ব নিয়ে কোনও বিতর্ক বা বিভেদ নেই। দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে।”
তিনি জানান, বিভিন্ন সময়ে বিএনপিকে নিয়ে নানা কথা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো বিএনপির নেতৃত্ব নিয়ে কোনও বিভেদ নেই।
