২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে নিয়ে প্রেসনোট দুঃখজনক: আ’লীগ

শেখ হাসিনা দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে জারি করা সরকারি প্রেসনোটকে ভিত্তিহীন ও দুঃখজনক আখ্যায়িত করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

গত ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবুর রহমানের স্বাক্ষরিত ওই প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, “যে কোনো নাগরিকেরই দেশে বসবাসের অধিকার আছে। এটা হাসিনারও জন্মগত, সাংবিধানিক ও মৌলিক অধিকার। শেখ হাসিনা বিদেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকি যে মামলার এজাহারে তার নাম ছিলো না সে মামলার অভিযোগপত্রেও তাকে প্রধান আসামি করা হয়েছে।”

বিবৃতিতে জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়ে আইনকে তার নিজেস্ব গতিতে চলতে দেবে।

তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হবে বলে জনগণ আশা করে। এ ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলার ফলে সরকারের সব সু-উদ্যোগই আড়াল হয়ে যেতে পারে।