২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজনের আলোচনা: রাজনৈতিক দলগুলোর সংস্কারও গুরুত্বপূর্ণ

অর্থবহ নির্বাচনের জন্য শুধু নির্বাচনী সংস্কার আইনই যথেষ্ট নয়; পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সংস্কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

‘সংস্কার প্রস্তাব: বর্তমান ভাবনা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর উদ্যোগে রোববার জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ অনুষ্ঠানে বলেন, “নির্বাচনী আইন সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতেই হবে। অতীতে তারা এর বিরোধীতা করে এখন নিজেরাই সংস্কারের ফাঁদে পড়েছে।”

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত বলেন, “কমিশনের অনেক সংস্কারের সঙ্গেই আমাদের দ্বিমত রয়েছে। যেমন, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের কিছু অংশ যদি সরকার বহন করে, তাহলে পাঁচ লাখ টাকার বেশি কোনোভাবেই তাদের ব্যয় হয় না। এ ছাড়া ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দুটি আলাদা কাজ। কমিশনের উচিত হবে শুধু ছবিসহ ভোটার তালিকা করা। জাতীয় পরিচয়পত্র একটি দীর্ঘ মেয়াদী প্রকল্প; ভারত পাঁচ বছরেও জাতীয় পরিচয়পত্রের কাজ শেষ করতে পারেনি।”

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “অর্থবহ নির্বাচনের জন্য আইনের সংস্কার ও নির্বাচন কমিশন পুনর্গঠনই যথেষ্ট নয়; রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও তাদের নিজেদের সংস্কারও প্রয়োজন।”

জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনী আইন সংস্কারের দাবি করে আসছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, তারা সবার জন্য সমানভাবে আইন ব্যবহার করতে পারবে কি না, সেটাও বিবেচ্য। এছাড়া কমিশন ঢালাওভাবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইলে আমরা তা মেনে নেবো কেনো?”

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন খান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আরও বক্তব্য রাখেন নির্বাচন বিষয়ক গবেষণা সংস্থা ‘ব্রতী’র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ প্রমুখ।