২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে

বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকারকে বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

জিজ্ঞাসাবাদ শেষে তৈমুর আলমকে দুপুর পৌনে চারটায় পল্টন থানা পুলিশের হাতে তুলে দেয় যৌথবাহিনী।

বিআরটিসিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্সের’ কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেল সাড়ে চারটার দিকে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল।

বিকেল সাড়ে পাঁচটায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুন-আল-রশীদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তৈমুর আলম সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আস্থাভাজন হিসেবে বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি নাজমুল হুদা এবং তার স্ত্রী সিগমা হুদাসহ তৎকালীন সরকারের মন্ত্রী ও সাংসদদের পছন্দ অনুযায়ী মোট ৫৩৭ জন অযোগ্য প্রার্থীকে বেশি নাম্বার দিয়ে যোগ্য দেখিয়ে বিআরটিসিতে নিয়োগ দেন।

তৈমুর আলমের পক্ষে অ্যাড. খোরশেদ আলম, সানাউল্লাহ মিয়া, নারায়ণঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ এবং নারায়ণগঞ্জ বারের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অর্ধ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।

তৈমুরের আইনজীবীরা গুরুতর অসুস্থ এবং পায়ে গুলি লাগার কারণ দেখিয়ে তার রিমান্ড আবেদন মঞ্জুর না করার আবেদন জানান। এছাড়া তৈমুর নিজে তাকে রিমান্ডে নিয়ে শাররীক ও মানসিকভাবে নির্যাতন না করার জন্যও আবেদন জানান।

শুনানি শেষে বিচারক মামুন-আল-রশীদ তাকে যথাযথ সতকর্তার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

তৈমুর খন্দকারের ছোট ভাই নারায়ণগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমিশনার মাকসুদুর আলম খন্দকার খোরশেদ বেলা সাড়ে তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই তৈমুরকে যৌথবাহিনী তুলে নিয়ে গেছে বলে শুনেছি।”

তৈমুর খন্দকারের চাচাতো ভাই খন্দকার আলাল বিকেল সোয়া চারটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“দুপুর দুইটায় তৈমুর খন্দকারকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে যৌথবাহিনী।”

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া তৈমুর আলমকে ফখরুদ্দীন আহমদের সরকার অব্যাহতি দেয়। এছাড়া ২১ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে চারদলীয় প্রাথী হিসেবে তিনি মনোনয়নপত্রও জমা দেন।