রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গাড়ি ও আগ্নেয়াস্ত্র জব্দ
রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা পাঁচটি গাড়ি ও দুটি বন্দকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।
যৌথ বাহিনীর সদস্যরা বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আওয়ামী লীগ নেতা ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচটি বিভিন্ন মডেলের মাইক্রোবাস ও কার, দুটি মটরসাইকেল, দুটি শটগান (লাইসেন্স করা), দুটি রঙ্গিন টেলিভিশন, দুটি সিডি, তিনটি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের চেকবই, নগদ এক লাখ টাকা এবং এক বস্তা কাগজপত্র।
শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আফজালুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দকৃত মালামাল থানায় জমা দিয়ে একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করা হয়েছে।
