২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল বোঝাবুঝি এড়াতে আ’লীগের সঙ্গে কথা বলেছেন যোগাযোগ উপদেষ্টা

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মামলায় অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণ হওয়ার আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে না। এই সময়ে দেশে থাকলেও তাকে গ্রেফতার বা হয়রানি করা হবে না।

যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, “অনেকে মনে করছেন এ মামলার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, কিন্তু তা সত্যি নয়। অবশ্য মামলা দায়েরের জন্য বাদীকে কেউ ইন্ধন দিয়েছে কিনা, সরকার তা খতিয়ে দেখবে। এ নিয়ে যেনো সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেজন্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছি।”

তিনি জানান, “চাঁদাবাজির মামলা তদন্ত করবে টাস্কফোর্স। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে না। মামলাটি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি তদারক করবে।”

যোগাযোগ উপদেষ্টা বলেন, মামলা দায়েরের কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত দেশের ফেরার কোনো প্রয়োজন নেই। এর আইনি প্রক্রিয়া নিয়েও তাড়াহুড়া করার দরকার নেই। তিনি নিজের ইচ্ছায় দেশের বাইরে গেছেন, নিজের ইচ্ছাতেই ফিরবেন। এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

টাস্কফোর্স মামলাটি তদন্ত করবে জানিয়ে তিনি বলেন, এর তদারকি করবে জাতীয় সমন্বয় কমিটি। এজন্য সমন্বয় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।

উপদেষ্টা এম এ মতিন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাকে সম্মান জানাতেই অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো হয়রানি করা হবে না। অবশ্য যদি অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে তার জন্য দুর্ভাগ্য।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরকারীর বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা থাকার কথা স্বীকার করে তিনি বলেন, “বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে আমারও কৌতূহল জন্মেছে। তদন্তে আমরা সব কিছুই খতিয়ে দেখব।”

সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাস্কফোর্স আরো ১৪টি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। আগামী সপ্তাহে জাতীয় সমন্বয় কমিটির সভায় চূড়ান্ত করার পর মামলাগুলো দায়ের করা হবে। এসব মামলার অভিযুক্তদের বেশিরভাগই রাজনীতিক।