নিজামী ও মুজাহিদসহ ১০ জামায়াত নেতার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগপত্র
আমীর মতিউর রহমান নিজামীসহ জামায়াতে ইসলামীর ১০ নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। এই অভিযোগপত্রের শুনানি হবে ২২ এপ্রিল।
গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর একেএম ইদ্রিস হোসেন বুধবার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন। এতে বলা হয় প্রাথমিক তদন্তে অভিযুক্তদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
মামলার অন্য অভিযুক্তরা হলেন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, মকবুল আহমেদ, এ টি এম আজহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, এ টি এম সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহিদ হোসেন ওরফে জাহিদুর রহমান এবং শিশির মনির।
গত বছরের ২৮ অক্টোবর ছাত্র মৈত্রীর সদস্য রাসেল আহমেদ খানকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনার জন্য জামায়াত ও শিবিরের ১০ নেতা-কর্মীকে দায়ী করে ৩০ অক্টোবর মামলা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল আহসান।
