২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন হাসিনা, নামবেন আইনি লড়াইয়ে

শিগগিরই আমেরিকা থেকে দেশে ফিরছেন শেখ হাসিনা। টিকেট পেলেই নিউ ইয়র্ক থেকে ঢাকাগামী পরবর্তী যেকোনো বিমানে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। তাঁর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা আদালতেই মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এদিকে উপদেষ্টা এম এ মতিন বলেছেন, হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 01:22 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, তাঁর মা ভালো আছেন এবং সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তিনি দেশে ফিরে যাচ্ছেন।

শেখ সেলিম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “টিকেট পেলেই নেত্রী ১২ এপ্রিল নিউ ইয়র্ক থেকে রওয়ানা দেবেন। ঢাকায় এসে পৌঁছাবেন ১৪ এপ্রিল।” (আরো তথ্যসহ)

তিনি বলেন, “নেত্রীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় আমার কথা হয়েছে। তিনি সব কর্মসূচি বাতিল করে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরছেন বলে জানিয়েছেন।”

এর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “চলতি মাসের ১৯ থেকে ২২ তারিখের মধ্যে দলের সভানেত্রী আমেরিকা থেকে দেশে ফিরছেন।”

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা আদালতে মোকাবিলা করা হবে জানিয়ে জিল্লুর রহমান বলেন, “আমরা আইনী লড়াইয়ে অবতীর্ণ হবো। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে।”

এদিকে উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন জাতীয় কমিটির প্রধান এম এ মতিন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলাটির তদন্ত করবে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স।

যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এটি ১১ বছর আগের অভিযোগ নিয়ে মামলা। তদন্ত করে প্রমাণ সাপেক্ষেই ওই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই তদন্তে টাস্ক ফোর্সকে ব্যবহার করা হবে।

এমএ মতিন মঙ্গলবার বিকেলে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মামলায় অভিযোগ থাকলেই হবে না, এর প্রমাণ থাকতে হবে। নইলে মামলা টিকবে না। হাসিনার চাঁদাবাজি মামলাটির তদন্তে টাস্ক ফোর্সকে ব্যবহার করা হবে।

এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও মতিন জানান।

শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে না দেওয়ার জন্যই এ মামলা দায়ের করা হয়েছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এমন কোনো বিষয় আমার জানা নেই। তাছাড়া কোন শীর্ষ নেতাকে এভাবে সরানোর বিষয়ও আমি জানি না।”

তেজগাঁও থানায় দায়ের করা তিন কোটি টাকার চাঁদাবাজির মামলাটির এজাহার মঙ্গলবার আদালত গ্রহণ করে ১০ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে।

একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে তিন কোটি টাকা চাঁদা আদায় করেন।

আওয়ামী লীগ এ মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে , কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাস করবে না। তার বিরুদ্ধে দুর্নীতির বা সুবিধা গ্রহণের অভিযোগ তার চরম রাজনৈতিক প্রতিপক্ষও পাঁচ বছরে প্রতিষ্ঠিত করতে পারেনি। সুতরাং নয় বছর আগের একটি ঘটনায় জনৈক ব্যক্তির মামলাও বিশ্বাসযোগ্য নয়।

মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাজুল ইসলামের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারকেও আসামী করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার ‘বিবৃতি’ বলে দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেটার হেডে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এই দেশের রাজনীতিবিদরা কেউই ভুল-ত্রুটি কিংবা ব্যর্থতার ঊর্ধ্বে নন। কিন্তু তাদের প্রতিপক্ষ চিহ্নিত করাটা কোনোক্রমেই শুভ ফল বয়ে আনতে পারে না।

সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে রাজনীতিবিদদের চলমান সংস্কার কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়।