২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া জোর করে আমাকে রাজনীতিতে এনেছেন--এম এ হাশেম

বিএনপির সাবেক সাংসদ এবং পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাশেমের দাবি বিএনপি--জামায়াত জোট সরকারের প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে জোর করে রাজনীতিতে এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সদস্য হিসাবে প্রাক বাজেট আলোচনায় অংশ নিতে তিনি সেখানে যান। আলোচনা শেষে তিনি রাজনীতি ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের উপুর্যপুরি প্রশ্নের মুখে পড়েন।

হাশেম বলেন, “রাজনীতিতে আসার কোনও ইচ্ছা আমার ছিল না। খালেদা জিয়াই আমাকে রাজনীতিতে নামিয়েছেন।

জীবনে আর কোনও দিন বিএনপি করবো না। আওয়ামী লীগেও যাবো না।”

সাংবাদিকদের তিনি আরও বলেন, “রাজনীতি অন্য জিনিস। কোনও দিন যদি বাংলাদেশে ভালো রাজনীতি, ঈমানদারী রাজনীতি শুরু হয় তাহলে আবার রাজনীতিতে আসতে পারি।”

এম এ হাশেমের নাম দুর্নীতিবাজ হিসাবে দুর্নীতি দমন কমিশনের তালিকায় আছে।

দুর্নীতির অভিযোগ সম্পর্কে এম এ হাশেম বলেন, “আমি দুর্নীতি করিনি। আমার সব আছে। দুর্নীতি করতে যাবো কেন? যারা রাজনীতি করেন তাদের কি আছে? তারা দুর্নীতিগ্রস্ত।”

সিন্ডিকেট বাণিজ্যে সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “বাজারে কোনও সিন্ডিকেট নেই। মধ্যস্বত্তভোগী আছে যারা বাজার থেকে সুবিধা নিতে পারে।”

এম এ হাশেম জানান, ১৯৮৩ সালে তিনি নোয়াখালী থেকে ঢাকায় আসেন। শুরু করেন ব্যবসা। একে একে গড়ে তুলেন একাধিক শিল্প প্রতিষ্ঠান।