২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্তদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কমিশন সূত্র জানিয়েছে, এরই ধারাবাহিকতায় এক আদেশে কমিশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ মিয়াকে মানিকগঞ্জের হরিরামপুর থানায় নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ছাড়াও কাজে অবহেলার অভিযোগ রয়েছে।

আবদুর রশীদ মিয়া মঙ্গলবার নফহবংি২৪.পড়স -কে জানান, তিনি ওই বদলির আদেশ পত্র পেয়েছেন এবং নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ ছাড়া রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে কী না এবং ভোটার তালিকায় অনিয়ম -- দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যুগ্ম সচিব আজিজুল হককে এরই মধ্যে দায়িত্ব দিয়েছে কমিশন। সাবেক কমিশনার স ম জাকারিয়া এবং যুগ্ম সচিব (ওএসডি) মোহাম্মদ জকরিয়ার বিরুদ্ধে এসব অনিয়ম -- দুর্নীতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এসব অনিয়মের তথ্য সংগ্রহ করা শেষ হলে বিষয়টি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হবে বলে জানা গেছে।

এদিকে আগামী এপ্রিল মাসে ওই ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তাকে আবারও পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার মধ্যে যারা পরীক্ষায় অকৃতকার্য হবেন, চাকরি থেকে তাদের বাদ দেওয়া হবে।

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছিলেন, কমিশনের সব দুর্নীতি -- অনিয়মেরই তদন্ত হবে।

“তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে ‘ক্লিন’ করতে চাই।”