প্রবাসীদের ভোটাধিকার দিতে আইনের খসড়া এ সপ্তাহেই
প্রায় ৭০ লাখ প্রবাসীকে ভোটাধিকার দেওয়ার ব্যাপারে আইনের খসড়া চলতি সপ্তাহেই চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নফহবংি২৪.পড়স কে বলেছেন, “প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়টি আমরা এখন সক্রিয়ভাবে বিবেচনা করছি। এজন্য সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নাগরিকত্ব আইন পর্যালোচনা করতে হচ্ছে। নির্বাচনী আইন সংস্কার করে প্রবাসীদের সীমিত আকারে হলেও ভোটাধিকার দেওয়ার কাজ আমরা শুরু করতে চাই।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য এ সপ্তাহেই সংস্কার আইনের একটি খসড়া চূড়ান্ত করা হবে। এর পর মতামতের জন্য সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য একেক দেশে একেক রকম আইন আছে -- এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এ সব আইন আমরা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি। প্রবাসীদের ভোটাধিকার দেওয়া না হলে দেশের প্রতি তাদের যে মমত্ববোধ, তা কমে যাবে; সরকার আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্থ হবে।”
ছহুল হোসাইন জানান, প্রবাসীরা পোস্টাল ব্যালট, ই--মেইল নাকি দূতাবাসের মাধ্যমে ভোট দেবেন -- সে বিষয়েও কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।
