নির্বাচন অনুষ্ঠানে বেশি সময় নিলে সরকার জনসমর্থন হারাবে:ম্যাককিনন
বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে। এ জন্য এর জন্য যতটা সময় দরকার এ সরকার তা নেবে। তবে খেয়াল রাখতে হবে এ সময়টা যেন দীর্ঘ না হয়। যদি তা দীর্ঘ হয়, তাহলে জনগণের সমর্থন হারাবে তারা।
কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাককিনন বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
কমনওয়েলথ মহাসচিব বলেন, বিভিন্ন মহলের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তবে কবে নাগাদ নির্বাচন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা পাইনি। এ জন্য তিন মাস লাগবে, না ছয় মাস লাগবে, তা আমার পক্ষে অনুমান করা কঠিন। তবে তত্ত্বাবধায়ক সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা করতে একটু সময় তো লাগবেই।
জরুরি অবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,“ জরুরি অবস্থা দীর্ঘায়িত হওয়া উচিত নয়। যতটা দরকার ঠিক ততটা সময়ই নেওয়া উচিত।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ম্যাককিনন বলেন, বর্তমানে এ দেশে জটিল পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সরকার একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে।
তিনি বলেন, জরুরি অবস্থার কারণে কিছু মৌলিক অধিকার খর্ব হয়েছে- এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এ বিষয়গুলো দেখভাল করার জন্য দেশে কোনো নির্বাচিত সরকার এখন নেই। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালবিলম্ব না করে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া উচিত।
রাজনৈতিক দলগুলোকে সম্প্রীতির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন ভোটার তালিকাকে সফল করতে হবে।
জরুরি অবস্থায় মানবাধিকারের বিষয়টি কমনওয়েলথ কিভাবে দেখছে, এ প্রশ্নের জবাবে ম্যাককিনন বলেন,“ আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সরকারকে সম্মান দেখাতে হবে। বিশেষ করে, যেসব লোক কারাগারে আটক রয়েছেন, তাদের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।”
সেনা শাসনের কারণে পাকিস্তানের কমনওয়েলথ সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, অথচ বাংলাদেশকে জরুরি অবস্থার মধ্যেও সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে- এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,“ পাকিস্তানে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করেছে, আর এখানে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং দুটি বিষয় ভিন্ন।
তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটি কাজেই স্বচ্ছতা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্ধারিত সময় থাকতে হবে। অর্থাৎ তারা কী করতে চাচ্ছে, তাদের কর্মপরিকল্পনা কী, কতদিন সময় লাগবে, তা সুনির্দিষ্ট করতে হবে।”
ডোনাল্ড ম্যাককিনন বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ। একমাত্র জনগণের মতামত ও তাদের সমর্থনের মধ্য দিয়েই এ প্রক্রিয়া সফল হতে পারে।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের জনসাধারণের কাছ থেকে আমি পরিস্কার ধারনা পেয়েছি তারা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চায়। এটা শুধু নির্বাচনী অধিকারের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুশাসন, পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং জবাবদিহিতার বিষয়গুলোও এক্ষেত্রে উল্লেখযোগ্য।
