২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে মানুষকে জিম্মি হতে দেবো না: হাসিনা

শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে দেশের মানুষকে আর ঘুষখোর ও সুদখোরদের কাছে জিম্মি হতে দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সাতই মার্চ উপলক্ষে বুধবার বিকালে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তার দল ক্ষমতায় এলে বাঙালী আত্মমর্যাদাশীল জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াবে। শিক্ষার হার ১০০ ভাগ করা হবে। দেশে কোনো বেকার থাকবে না। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আওয়ামী লীগ ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করে দাবি করে তিনি বলেন, নীতি যতদিন ঠিক থাকবে কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না।

হাসিনা বলেন,“আওয়ামী লীগের যখন ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেয় তখনই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।”

সাতই মার্চের কথা স্মরণ করে তিনি বলেন,“বঙ্গবন্ধু মনে করতেন বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন। এখন সেই স্বপ্ন অনেকেই দেখছেন। তার প্রতিটি পদক্ষেপ ছিলো সময়োপযোগী, সঠিক ও সফল। গান্ধীর অসহযোগ ও সুভাষ বোসের সশস্ত্র আন্দোলনের সমন্বয় ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু।”

শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্ণেল (অব.) শওকত আলী, অধ্যাপক আবু সাইয়িদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান, এ কে এম রহমতউল্লাহ ও এডভোকেট কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন আসাদুজ্জামান নূর।

দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ মুজিবের প্রতিকৃতিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।