রাজনীতিকে বিদায় জানালেন আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৃহস্পতিবার রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
নফহবংি২৪.পড়স - কে তিনি বলেন, “৬০ বছরের বেশি বয়স ও স্বাস্থ্যগত কারণে এই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর রাজনীতিতে নেই।”
১৯৮৬ সাল থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকা মঞ্জু রাজনীতি ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, “স্বাস্থ্যগত কারণেই আমি রাজনীতি থেকে সরে যেতে সিদ্ধান্ত নিয়েছি। ২২ বছর জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি, সেজন্য আমার এলাকার জনগণ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা রইল।”
মঞ্জু জানান, তাঁর অবসর গ্রহণের ফলে জাতীয় পার্টির (জেপি) ভারপ্রাপ্ত সভাপতি হবেন শেখ শহীদুল ইসলাম।
তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের রাজনীতি মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন। তিনি পিরোজপুর--২ (ভান্ডারীয়া) আসন থেকে ১৯৮৬, ‘৮৮, ‘৯১, ‘৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। সামরিক শাসক এইচএম এরশাদ এবং শেখ হাসিনার শাসনামলে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে øাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ডিগ্রি নেন। ১৯৮২ সালে দেশে ফিরে তিনি এরশাদের নেতৃত্বে সঙ্গে জাতীয় পার্টি গঠনে ভূমিকা রাখার মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৭ এর পরে এরশাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেন।
প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ছেলে মঞ্জু এক যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই মইনুল হোসেন বর্তমান তত্ত্ববধায়ক সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা।
প্রসঙ্গত, যৌথবাহিনী গত ৭ মার্চ তার ধানমন্ডির বাড়িতে অভিযান চালায়। সে সময় তিনি বাসায় ছিলেন না।
