২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের হিসাবে রাজনৈতিক দল নিবন্ধনের দাবি শেখ হাসিনার

প্রাপ্ত ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের দাবি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যতদ্রুত সম্ভব নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্যও তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার দলের কার্যনির্বাহী সংসদের দ্বিতীয় দিনের বৈঠকের মাঝখানে সাংবাদিকদের ডেকে এসব কথা বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “নির্বাচন কমিশন কিছু সংস্কারের কথা বলেছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের কথা বলা হয়েছে। আমরাও তাদের সঙ্গে একমত। কে কত শতাংশ ভোট পায় সে হিসাবে ঠিক করা হোক সেই রাজনৈতিক দল থাকবে কি-না। ধরে নেওয়া যাক, ১০ শতাংশের কম ভোট পেলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা ১৫ বা ২০ শতাংশও হতে পারে।”

এজন্য আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা ঠিক করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আগামীবার নিরপেক্ষ নির্বাচন করে দেখা যাক কে কত শতাংশ ভোট পায়।”

তিনি বলেন, “এরমধ্যেই ৫০ দিন সময় চলে গেছে। কিন্তু নির্বাচনী কার্যক্রম এগুচ্ছে না। যতদ্রুত সম্ভব এ কার্যক্রম শুরু করতে হবে।”

তিনি একটি স্বচ্ছ ব্যালট বাক্সের নমুনা সাংবাদিকদের দেখান। বাক্সটির তিন দিকে স্টিল এবং এক দিক স্বচ্ছ। তিনি ব্যালট বাক্সে একটি কাগজ ভাঁজ করে ফেলে দেখান।

শেখ হাসিনা জানান, একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই ব্যালট বাক্সের নমুনা পৌঁছে দেবে।

তিনি বলেন, “এই ব্যালট বাক্স বিদেশ থেকে আমদানি করতে হবে না। এখনই অর্ডার দিলে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এই ধরনের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করে দিতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে ভেতর থেকে যেন কাগজ বের হয়ে না যায়। এজন্য একটা লকের ব্যবস্থা করতে হবে।”

উচ্চ আদালতের রায় অনুসরণ করে ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, শহরাঞ্চলে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ এখনই শুরু করা যেতে পারে।

যারা বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন এনেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হাসিনা বলেন, “ঢালাওভাবে যখন রাজনীতিবিদদের গালি দেওয়া হয় তখন দুঃখ হয়। সব রাজনীতিবিদকে এক পাল্লায় ফেলে কিছু রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।”

যাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য--প্রমাণ আছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, “প্রমাণ ছাড়া যেনো কোথাও হাত দেওয়া না হয়। যারা দোষী তাদের ধরা হোক।”

যৌথবাহিনীর অভিযানে জামাত--শিবিরের কাউকে ধরা হচ্ছে না-- অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জামাত নেতাদের ধরা হলে দেখানো হচ্ছে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “শায়খ আবদুর রহমান ও বাংলাভাই এক সময় জামাত--শিবির করত। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং যাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে তাদের ধরা হোক।”