মীর নাছিরের দুটি বাড়ির নির্মাণ মূল্য পরিমাপের কাজ শুরু
সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টগ্রাম নগরীর দুটি বাড়ির নির্মাণ মূল্য পরিমাপের জন্য কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি দল সাবেক প্রতিমন্ত্রীর চট্টেশ্বরী রোডের ৩৬০, গাজী শাহ রোডের বাড়িতে গিয়ে নির্মাণমূল্য পরিমাপের কাজ শুরু করেন। এতে নেতৃত্ব দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম। তারা মাপজোখ নেওয়া শুরু করেছেন।
অপর একটি দল চান্দগাঁও আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১১০ নম্বর বাড়িতে গিয়ে কাজ শুরু করেন। চান্দগাঁও আবাসিক এলাকায় মীর নাছিরের একটি চার তলা বাড়ি রয়েছে। সেটির সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে বলে জানা যায়।
নুরুল ইসলাম নফহবংি২৪.পড়স--কে জানান, দুর্নীতি দমন কমিশনের একটি চিঠিতে চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে মীর নাছিরের দুটি বাড়ির নির্মাণ মূল্য নির্ধারণের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী প্রধান প্রকৌশলী এ দুটি দলকে বাড়ি দুটি সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন।
কতদিনের মধ্যে পরিদর্শন শেষে রিপোর্ট জমা দিতে হবে- এ ধরনের কোনো তথ্য জানাতে তিনি অস্বীকৃতি জানান।
চট্টগ্রামে আরও কোনো মন্ত্রী কিংবা রাজনৈতিক নেতার বাড়ি পরিদর্শনের ক্ষেত্রে এমন নির্দেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শুধুমাত্র এ দুটি বাড়ির সম্পদ নির্ধারণের নির্দেশ পেয়েছি আমরা।’
মীর নাছিরের চট্টেশ্বরী বাড়িতে শাহ আলম নামে এক কেয়ারটেকার শাহ আলম ছাড়া আর কেউ থাকেন না।
তিনি বলেন, ‘দুপুরে পরিদর্শনকারী এ দলটি আসার পর সাহেবের এক ভাগ্নিকে ডেকে আনা হয়েছে।’
