২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বিলুপ্তির চার মাস পর সংসদীয় গণতন্ত্রের খাতিরে ৮৪জনের নিয়োগ!

সংসদ বিলুপ্ত হওয়ার চার মাস পর ৮৪ জন ব্যক্তিগত সহকারী ও এমএলএসএস নিয়োগ দিলেন স্পিকার। কারণ? সংসদীয় গণতন্ত্র রক্ষা। বিস্তারিত জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সংসদ বা স্থায়ী কমিটির সভাপতিদের অস্তিত্ব না থাকলেও বুধবার স্থায়ী কমিটির সভাপতিদের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে ৪২ জন করে ব্যক্তিগত সহকারী ও এমএলএসএস নিয়োগ করা হয়েছে। 

সংসদীয় রীতি অনুযায়ী সংসদ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সব সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের পদ বিলুপ্ত হয়ে যায়। সংসদ নতুন করে গঠিত হওয়ার পর সব স্থায়ী কমিটির সভাপতিদের জন্য একজন ব্যক্তিগত সহকারী ও একজন পিয়ন সভাপতিরা তাদের পছন্দমতো নিয়োগ করেন। সভাপতিরা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এইসব কর্মচারীরা আর কর্মরত থাকেন না।

কিন্তু এবারই প্রথম সংসদ বিলুপ্ত হওয়ার পর ওইসব পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হল।

বুধবার জাতীয় সংসদ সচিবালয় ৪২ জন পিয়নকে স্থায়ীভাবে নিয়োগ করে বিভিন্ন দপ্তরে কাজ দেয়া হয়েছে। ৪২ জন ব্যক্তিগত সহকারীদের স্থায়ীভাবে নিয়োগ করা না হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন দাপ্তরিক কাজে নিয়োজিত করা হয়েছে।

সংসদ সচিবালয় সুত্রে জানা গেছে, তাদেরও শিগগিরই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার নফহবংি২৪.পড়স কে  বুধবার বলেন, “সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই তাদের নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাবে যে দেশে সংসদীয় গণতন্ত্রের অন্যতম অংশ কমিটি ব্যবস্থা বিদ্যমান।”

তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সংসদ কমিশন অনুমোদন করেছে।

ব্যক্তিগত সহকারীদের মূল বেতন তিন হাজার ৫০০ টাকা এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন দুই হাজার ৪০০ টাকা। এ হিসাবে ৮৪ জনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে ৫৪ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা ব্যয় হবে।

সাবেক স্পিকার আবদুল হামিদের মতে এ নিয়োগ অপ্রয়োজনীয় এবং দলীয় নেতাকর্মীদের পুর্নবাসনের লক্ষ্যেই এটা করা হয়েছে। নফহবংি২৪.পড়সকে সাবেক এ স্পিকার বুধবার বলেছেন, “এ ধরনের নিয়োগ সংসদে নজিরবিহীন। স্পিকার তার নিজ জেলা পঞ্চগড়ের অধিবাসীদের নিয়োগ দেবার জন্যই এ কাজ করেছেন।”

তিনি বলেন, নতুন সংসদ গঠিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতিরা এসব কর্মচারীদের গ্রহণ করবেন না। তারা তাদের দলীয় পছন্দের লোককেই নিয়োগ দেবেন। সেক্ষেত্রে এই নিয়োগ অর্থের অপচয় ছাড়া আর কিছুই বয়ে আনবে না।

সংসদ সচিবালয় কর্মচারীদের একটি অংশ স্পিকারের এই নিয়োগের বিরোধীতা করে কয়েকদিন আগে আইন উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের কাছে বিষয়টি তদন্তের জন্য আলাদাভাবে স্মারকলিপি দিয়েছে।

অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয় ২৭ অক্টোবর ২০০৬। এই সংসদে মোট ৪২টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ছিল। স্থায়ী কমিটির সভাপতিদের ব্যক্তিগত সহকারী ও পিয়ন হিসাবে কর্মরত স্টাফদের অধিকাংশই চারদলীয় জোট সমর্থক বা কর্মী ছিল। অন্যরা ছিল পঞ্চগড়ের অধিবাসী।